


বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হওয়ার জন্য ইউরোপ ও আফ্রিকার বেশ কয়েকজন অভিজ্ঞ কোচ আগ্রহ প্রকাশ করেছেন। ইতোমধ্যে ৭ থেকে ৮ জন বিদেশি কোচ তাদের সিভি জমা দিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনে।
বাফুফে সূত্রে জানা গেছে, আবেদনকারীদের তালিকায় জার্মানির অভিজ্ঞ কোচ অ্যান্টোইন হের নাম রয়েছে। উইয়েফা প্রো-লাইসেন্সধারী এই কোচ এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশের জাতীয় দলের সঙ্গে প্রায় দু দশক কাজ করেছেন। তিনি মিয়ানমার, রুয়ান্ডা, কেনিয়া, লাইবেরিয়া, গাম্বিয়া ও লেসোথোর জাতীয় দলের দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি বাহরাইন ও লিবিয়ার ফুটবল ফেডারেশনে টেকনিক্যাল ডিরেক্টর হিসেবেও কাজ করেছেন।
এছাড়া জার্মান কোচ বার্ন্ড স্টর্কে ও আবেদন করেছেন। তিনি হাঙ্গেরিকে ইউরো ২০১৬-তে নিয়ে যাওয়ার কৃতিত্ব অর্জন করেন। তার কোচিং ক্যারিয়ারে কাজাখস্তান জাতীয় দল ও বেলজিয়ামের ক্লাব সের্কেল ব্রুজে কাজ করার অভিজ্ঞতা রয়েছে।
ক্রোয়েশিয়ার সাবেক কোচ ইগোর স্টিমাচ ও বাংলাদেশের দায়িত্ব নিতে আগ্রহী। তিনি ভারতের জাতীয় দলকে ২০২১ ও ২০২৩ সালে সাফ চ্যাম্পিয়নশিপ জিতিয়েছেন।
ফরাসি কোচ দিদিয়ের অলে-নিকোল, যিনি ক্লাব পর্যায়ে ওজিসি নিস এবং পিএসজি নারী দল-এর দায়িত্ব পালন করেছেন, তিনিও আবেদন করেছেন। এছাড়া পর্তুগিজ কোচ অ্যান্টোনিও কন্সেইসাও-এর নামও রয়েছে তালিকায়।
বিদেশি কোচদের পাশাপাশি দেশের দুই কোচ মারুফুল হক ও জুলফিকার মাহমুদ মিন্টু আগ্রহ দেখিয়েছেন। যদিও মারুফুল হক জানিয়েছেন, তিনি আনুষ্ঠানিকভাবে আবেদন করেননি।
বাফুফের নির্বাহী কমিটির আসন্ন সভায় নতুন কোচ নিয়োগের বিষয়টি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। নতুন কোচের অধীনে হামজা চৌধুরী ও জামাল ভূঁইয়াদের নিয়ে জাতীয় দলকে নতুনভাবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।