Date: April 19, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / খেলাধুলা / বাবা হলেন রশিদ খান, ছেলের নাম রাখলেন আসলান - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বাবা হলেন রশিদ খান, ছেলের নাম রাখলেন আসলান

April 19, 2026 11:25:25 AM   ক্রীড়া ডেস্ক
বাবা হলেন রশিদ খান, ছেলের নাম রাখলেন আসলান

আফগানিস্তানের তারকা লেগ স্পিনার রশিদ খান -এর জীবনে এলো নতুন আনন্দের অধ্যায়। আইপিএলের ব্যস্ত সূচির মধ্যেই প্রথমবারের মতো বাবা হয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই এই সুখবর জানিয়ে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন জীবনের বিশেষ মুহূর্তটি।

শনিবার (১৯ এপ্রিল) রশিদ খান তার ভেরিফায়েড সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করে জানান, গত শুক্রবার তার স্ত্রী একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। সন্তানের নাম রাখা হয়েছে ‘আসলান’। তুর্কি ভাষায় ‘আসলান’ শব্দের অর্থ ‘সিংহ’, যা শক্তি, সাহস ও নেতৃত্বের প্রতীক হিসেবে পরিচিত।

ছবির ক্যাপশনে রশিদ খান লিখেছেন, “হ্যালো বিশ্ব, আমার নাম আসলান।” একই সঙ্গে তিনি আদর করে ছেলেকে ‘ছোট রাজপুত্র’ হিসেবে উল্লেখ করেন। ভক্ত-সমর্থকদের কাছে স্ত্রী ও সন্তানের সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন এই বিশ্বমানের স্পিনার।

ব্যক্তিগত জীবনের এমন গুরুত্বপূর্ণ সময়েও পেশাদারিত্বে কোনো ঘাটতি রাখেননি রশিদ। গুজরাট টাইটান্স -এর হয়ে তিনি নিয়মিত মাঠে পারফর্ম করে যাচ্ছেন। স্ত্রী সন্তানসম্ভবা থাকা সত্ত্বেও আইপিএল থেকে নিজেকে সরিয়ে নেননি, বরং দলের প্রয়োজনে ২২ গজে ছিলেন ব্যস্ত।

চলতি আইপিএল মৌসুমে এখন পর্যন্ত পাঁচটি ম্যাচে ৬টি উইকেট শিকার করেছেন রশিদ খান। তার ইকোনমি রেট ৭.৭০, যা টি-টোয়েন্টি ফরম্যাটে বেশ কার্যকর বলে বিবেচিত। ব্যাট হাতেও অবদান রেখেছেন তিনি—দুই ইনিংসে করেছেন ২৪ রান, যার মধ্যে একটি অপরাজিত ইনিংসও রয়েছে।

ক্রিকেট মাঠে ধারাবাহিক পারফরম্যান্স আর ব্যক্তিগত জীবনে নতুন দায়িত্ব—দুই দিকেই এখন সমানভাবে উজ্জ্বল সময় পার করছেন রশিদ খান। নতুন এই অধ্যায়ে তার পরিবারের জন্য শুভকামনা জানিয়েছেন ভক্ত-সমর্থকরা।