Date: May 17, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / আন্তর্জাতিক / চলন্ত রাজধানী এক্সপ্রেসে ভয়াবহ আগুন, রাজস্থানে বড় দুর্ঘটনা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

চলন্ত রাজধানী এক্সপ্রেসে ভয়াবহ আগুন, রাজস্থানে বড় দুর্ঘটনা

May 17, 2026 11:53:19 AM   আন্তর্জাতিক ডেস্ক
চলন্ত রাজধানী এক্সপ্রেসে ভয়াবহ আগুন, রাজস্থানে বড় দুর্ঘটনা

ভারতের রাজস্থানে দিল্লিগামী রাজধানী এক্সপ্রেস ট্রেনে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। চলন্ত অবস্থায় একটি শীতাতপ নিয়ন্ত্রিত বগিতে আগুন ধরে গেলেও দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। এতে কোনো যাত্রী হতাহত না হলেও পুরো ট্রেনজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

রোববার (১৭ মে) ভোরে এই ঘটনা ঘটে বলে ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে। ঘটনার পর দ্রুত বগিটি বিচ্ছিন্ন করে আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

প্রতিবেদন অনুযায়ী, ভোর প্রায় ৫টা ১৫ মিনিটে রাজস্থানের কোটা জেলার বিক্রমগড় আলোত স্টেশনের কাছে রাজধানী এক্সপ্রেসের বি-১ নামের শীতাতপ নিয়ন্ত্রিত বগিতে আগুন লাগে। তখন বগিটিতে মোট ৬৮ জন যাত্রী ছিলেন।

দুর্ঘটনার পরপরই রেল কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেয় এবং আক্রান্ত বগিটিকে অন্য অংশ থেকে বিচ্ছিন্ন করা হয়। পাশাপাশি বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয় যাতে আগুন আরও ছড়িয়ে না পড়ে।

একজন রেল কর্মকর্তা জানান, দ্রুত পদক্ষেপ নেওয়ার কারণে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। যাত্রীদের দ্রুত অন্য বগিতে স্থানান্তর করা হয় এবং তাদের নিরাপদে কোটা স্টেশনের দিকে নেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ভিডিওতে দেখা গেছে, আগুন লাগা বগি থেকে ঘন কালো ধোঁয়া বের হচ্ছে এবং আশপাশের এলাকায় কিছু গাছে আগুন ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও রেল কর্মীরা কাজ করেন।

পরিকল্পনা অনুযায়ী, কোটা পৌঁছানোর পর যাত্রীদের বিকল্প ট্রেনে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। ক্ষতিগ্রস্ত বগির পরিবর্তে নতুন বগি যুক্ত করার কথাও জানানো হয়েছে।

ট্রেনটি (নম্বর 12431) গত শুক্রবার কেরালার থিরুভানানথাপুরাম থেকে যাত্রা শুরু করে। এটি দিল্লির নিজামউদ্দিন রেলস্টেশনে পৌঁছানোর কথা ছিল দুপুর ১২টা ৩০ মিনিটে। দুর্ঘটনার সময় ট্রেনটি প্রায় ২,৬০০ কিলোমিটার পথ অতিক্রম করেছিল এবং দিল্লি থেকে প্রায় ৪৫০ কিলোমিটার দূরে অবস্থান করছিল।