Date: May 17, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / গাজীপুরে ভিসি যোগাদানকে কেন্দ্র করে সংঘর্ষ: ইউএনওসহ আহত ১৫ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

গাজীপুরে ভিসি যোগাদানকে কেন্দ্র করে সংঘর্ষ: ইউএনওসহ আহত ১৫

May 17, 2026 03:59:05 PM   অনলাইন ডেস্ক
গাজীপুরে ভিসি যোগাদানকে কেন্দ্র করে সংঘর্ষ: ইউএনওসহ আহত ১৫

গাজীপুর সংবাদদাতা: ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) নতুন উপাচার্যের (ভিসি) যোগদানকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে পুলিশ কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সাংবাদিকসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করেছে।

আজ রবিবার (১৭ মে) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মূল ফটকের সামনে এ সংঘর্ষের সূত্রপাত হয়।

জানা যায়, গত বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে দেশের ১২টি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়। ওই প্রজ্ঞাপন অনুযায়ী শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালকে ডুয়েটের ভিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়।

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আজ সকালে নবনিযুক্ত ভিসি ড. মোহাম্মদ ইকবাল দায়িত্ব গ্রহণের উদ্দেশ্যে ডুয়েট ক্যাম্পাসে আসেন। তবে তিনি ক্যাম্পাসে পৌঁছানোর আগেই বহিরাগত একটি গ্রুপ ভিসিকে অবাঞ্চিত ঘোষণা করে ‘লাল কার্ড কর্মসূচি’র ব্যানারে মূল ফটকে তালা লাগিয়ে বিক্ষোভ শুরু করেন।

অপরদিকে, এ সময় ভিসি ক্যাম্পাসের বাইরে একটি মাইক্রোবাসে অপেক্ষা করছিলেন। ভিসিকে স্বাগত জানিয়ে ভিসির সাথে থাকা শিক্ষার্থীদের একাংশ মূল ফটক খুলে ভেতরে প্রবেশের চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়।

এ সময় ক্যাম্পাসের ভিতরে থাকা শিক্ষার্থী ও কতিপয় বহিরাগত গেটের বাইরে থাকা শিক্ষার্থীদের লক্ষ করে এলোপাথারি ইটপাটকেল নিক্ষেপ করে। এতে গেটের বাইরে থাকা কয়েকজন শিক্ষার্থী এবং ঘটনাস্থলের শান্তি শৃংখলা রক্ষার দায়িত্বে থাকা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাসহ ৫ পুলিশ সদস্য, সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কয়েকজন শিক্ষার্থী আহত হয়। পরে বাইরে থাকা শিক্ষার্থীরাও ইটপাটকেল ছুড়ে। পরে মূল ফটকের ভিতরে গেটের সামনে আগুন ধরিয়ে দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, গেট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টার সময় ক্যাম্পাসের ভেতর থেকে কিছু শিক্ষার্থী ও সাধারণ শিক্ষার্থীদের একাংশ বাইরে থাকা পুলিশ ও শিক্ষার্থীদের লক্ষ্য করে এলোপাথাড়ি ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। জবাবে বাইরে থাকা শিক্ষার্থীরাও পাল্টা ইটপাটকেল ছোড়ে। দফায় দফায় প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে।

গেটের ভিতর থেকে ছোড়া ইটপাটকেলের আঘাতে গুরুতর আহত হয়েছেন, গাজীপুর মহানগর পুলিশের ৩ উর্ধ্বতন কর্মকর্মাসহ ৫ পুলিশ সদস্য, গাজীপুর সদর উপজেলার ইউএনও সাজ্জাত হোসেন ও কর্তব্যরত সাংবাদিক দেলোয়ার হোসেন। এছাড়াও ছাত্রদলের অন্তত ৮-১০ জন নেতাকর্মী আহত হয়েছেন।

আন্দোলনকারী শিক্ষার্থীদের একাংশের দাবি, ডুয়েটের শিক্ষা ব্যবস্থা, শিক্ষার্থীদের বাস্তবতা এবং প্রশাসনিক চ্যালেঞ্জগুলো বোঝার জন্য বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ শিক্ষকদের মধ্য থেকেই ভিসি নিয়োগ দিতে হবে। বহিরাগত কেউ এলে বিশ্ববিদ্যালয়ের দীর্ঘমেয়াদি উন্নয়ন বাধাগ্রস্ত হবে। আন্দোলনকারীদের অভিযোগ, বহিরাগতরা এসে তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালিয়েছে।

অন্যদিকে, নতুন ভিসিকে স্বাগত জানানো শিক্ষার্থীদের দাবি, সাবেক ভিসি জয়নাল আবেদীনের বিরুদ্ধে নানা অনিয়ম ও দূর্ণীতির অভিযোগ ছিল। নতুন ভিসি একজন যোগ্য ও মেধাবী শিক্ষক। কয়েকজন শিক্ষক নেতা ও কিছু ছাত্রনেতার উস্কানিতে বহিরাগত ক্যাডার এনে এই হামলা ও বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়েছে।

গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, শিক্ষার্থীদের একটি অংশ গেটের ভিতরে অবস্থান নিয়ে ইটপাটকেল নিক্ষেপ করেছে। এতে গেটের বাইরে থাকা পুলিশ, সাংবাদিক ও সাধারণ ছাত্রসহ ১৪/১৫ জন আহত হছে। আমরা ঘটনাস্থলে অবস্থান করছি। ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।