


দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান উত্তপ্ত পরিস্থিতির প্রেক্ষাপটে জরুরি সাংগঠনিক সভা আহ্বান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনটির কেন্দ্রীয় ও বিভিন্ন ইউনিটের নেতাদের নিয়ে এই সভা আগামী শুক্রবার ঢাকায় অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ছাত্রদলের দফতর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন ক্যাম্পাসে উদ্ভূত পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম পর্যালোচনার লক্ষ্যে এই জরুরি সভা ডাকা হয়েছে। সভাটি শুক্রবার (২৪ এপ্রিল) দুপুর আড়াইটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ক্যাফেটেরিয়ায় অনুষ্ঠিত হবে।
সভায় দেশের প্রধান বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ছাত্রদল নেতাদের উপস্থিত থাকতে বলা হয়েছে। এর মধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল-ডেন্টাল কলেজের নেতারা।
এছাড়া ঢাকা কলেজ, তিতুমীর কলেজ, বাংলা কলেজ, তেজগাঁও কলেজ, কবি নজরুল সরকারি কলেজসহ রাজধানীর বিভিন্ন কলেজের নেতারাও সভায় অংশ নেবেন। ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম শাখার ইউনিট নেতাদেরও উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন সাধারণ সম্পাদক নাহিদ উদ্দিন নাহিদ।
দলটির কেন্দ্রীয় নেতারা সংশ্লিষ্ট ইউনিটগুলোর নেতাদের নির্ধারিত সময়ে উপস্থিত থাকার নির্দেশনা দিয়েছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।