Date: May 17, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / কাউনিয়ায় জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধে আলোচনা সভা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কাউনিয়ায় জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধে আলোচনা সভা

May 17, 2026 07:57:29 PM   উপজেলা প্রতিনিধি
কাউনিয়ায় জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধে আলোচনা সভা

রংপুরের কাউনিয়ায় শান্তি ও সম্প্রীতি বাড়ানোর লক্ষ্যে ‘জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ’ বিষয়ক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হল রুমে এই সভাটি হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাবেক অধ্যক্ষ ও পিএফজি সদস্য হোসেন আলী সরকার।

দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এই সভার আয়োজন করেছিল। ‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই সভায় বক্তারা রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা বন্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর জোর দেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সমাজে বিভিন্ন ধরণের সহিংসতার ঘটনা চিহ্নিত করা, সেগুলো প্রতিরোধ করা এবং সামাজিক সম্প্রীতি বাড়ানোই এই কার্যক্রমের মূল উদ্দেশ্য। বক্তারা বলেন, স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য সমাজে সবার সমান অবস্থান নিশ্চিত করতে হবে এবং অন্যের মতের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। এছাড়া ধর্মীয় বিদ্বেষ, গুজব ও ভুল তথ্য ছড়িয়ে পড়া বর্তমান সময়ে শান্তি ও সম্প্রীতির ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে তারা মত দেন। এই ধরণের নেতিবাচক প্রচারণা রুখতে সামাজিক সচেতনতা জরুরি বলে সভায় উল্লেখ করা হয়।

সভায় বক্তব্য দেন শহীদবাগ ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আলহাজ সেকেন্দার আলী, জামায়াতে ইসলামীর উপজেলা আমির মাওলানা আব্দুস সালাম, নায়েবে আমির শেখ নজরুল ইসলাম এবং এনসিপি উপজেলা সমন্বয়ক সাইদুল ইসলাম। এছাড়া বিএনপি নেতা শাহজাহান মিয়া, মাহবুব আলম, সাবেক শিক্ষক আজিজুল ইসলাম, পুরোহিত পরিতোষ চক্রবর্তী, সাংবাদিক জহির রায়হান, সম্পাদক সারওয়ার আলম মুকুল এবং দি হাঙ্গার প্রজেক্টের ফরিদা ইয়াসমিনসহ আরও অনেকে সেখানে উপস্থিত ছিলেন। বক্তারা সমাজে শান্তি বজায় রাখতে যার যার অবস্থান থেকে দায়িত্ব পালনের অঙ্গীকার করেন।