Date: April 28, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / খেলাধুলা / এসএসসির ইংরেজি প্রশ্নে হামজা চৌধুরী, শিক্ষার্থীদের কৌতূহল বাড়াল সমসাময়িক সংযোজন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্য...

এসএসসির ইংরেজি প্রশ্নে হামজা চৌধুরী, শিক্ষার্থীদের কৌতূহল বাড়াল সমসাময়িক সংযোজন

April 28, 2026 06:40:31 PM   ক্রীড়া ডেস্ক
এসএসসির ইংরেজি প্রশ্নে হামজা চৌধুরী, শিক্ষার্থীদের কৌতূহল বাড়াল সমসাময়িক সংযোজন

চলমান ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় এবার কুমিল্লা শিক্ষা বোর্ডের ইংরেজি দ্বিতীয় পত্রের প্রশ্নপত্রে উঠে এসেছে জাতীয় ফুটবল দলের তারকা খেলোয়াড় হামজা দেওয়ান চৌধুরীর নাম। শব্দগঠন (প্রিফিক্স–সাফিক্স) ভিত্তিক একটি প্রশ্নে তার পরিচিতি ও ক্যারিয়ার নিয়ে তথ্য ব্যবহার করায় পরীক্ষার্থীদের মধ্যে ব্যাপক কৌতূহল ও আগ্রহ তৈরি হয়েছে।

গত ২১ এপ্রিল শুরু হওয়া এসএসসি ও সমমান পরীক্ষার ধারাবাহিকতায় মঙ্গলবার (২৮ এপ্রিল) অনুষ্ঠিত হয় ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা। এ পরীক্ষার কুমিল্লা শিক্ষা বোর্ডের প্রশ্নপত্রে একটি অনুচ্ছেদভিত্তিক ব্যাকরণ প্রশ্নে ফুটবলার হামজা চৌধুরীকে কেন্দ্র করে ফাঁকা পূরণের অংশ রাখা হয়।

প্রশ্নে হামজা চৌধুরীর বাংলাদেশ জাতীয় দলে অন্তর্ভুক্তি, আন্তর্জাতিক ফুটবলে তার অভিজ্ঞতা, বিভিন্ন দেশের বিপক্ষে খেলা এবং ইউরোপীয় লিগে তার পারফরম্যান্স সম্পর্কে তথ্য দেওয়া হয়। সেই তথ্য ব্যবহার করে শিক্ষার্থীদের শব্দভাণ্ডার ও ইংরেজি ব্যাকরণ দক্ষতা যাচাই করা হয়।

d1f788fd01b25b2dfb9f095d6422b9c875ef16037559ce32.jpg

বর্তমানে হামজা চৌধুরী ইংলিশ ক্লাব লেস্টার সিটির হয়ে খেলছেন। তিনি গত বছরের মার্চে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয় ফুটবল দলে যোগ দেন। এরপর থেকেই দেশের ফুটবলে নতুন উদ্দীপনা ও আগ্রহ তৈরি হয়েছে।

পরীক্ষার্থী ও শিক্ষকদের মতে, একজন পরিচিত আন্তর্জাতিক ফুটবলারের নাম প্রশ্নপত্রে আসায় শিক্ষার্থীরা বিষয়টি সহজে বুঝতে পেরেছে এবং আগ্রহ নিয়ে উত্তর দিয়েছে। অনেকেই মনে করছেন, পাঠ্যবইয়ের বাইরে সমসাময়িক ব্যক্তিত্ব ও বাস্তব জীবনের উদাহরণ যুক্ত হলে শিক্ষার্থীদের শেখার আগ্রহ আরও বাড়ে এবং ভাষাগত দক্ষতাও উন্নত হয়।

এই ঘটনায় শিক্ষা পদ্ধতিতে আধুনিক ও বাস্তবধর্মী প্রশ্ন সংযোজনের একটি ইতিবাচক দিকও সামনে এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।