


বাংলাদেশ নারী হকি দল ইতিহাসে নতুন অধ্যায় লিখেছে। এশিয়ান গেমস বাছাইপর্বে শক্তিশালী হংকং চায়নাকে ২–১ গোলে হারিয়ে প্রথমবারের মতো এশিয়ান গেমসের মূল আসরে জায়গা নিশ্চিত করেছে লাল-সবুজের মেয়েরা। একই সঙ্গে তারা সেমিফাইনালেও পৌঁছে গেছে। এই জয়কে বাংলাদেশের নারী হকির জন্য একটি বড় মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
সোমবার (২৬ এপ্রিল) জাকার্তায় অনুষ্ঠিত এশিয়ান গেমস হকি বাছাইপর্বের গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ ও হংকং চায়না। ম্যাচের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের জন্য। প্রথমে গোল হজম করলেও দ্রুতই ঘুরে দাঁড়িয়ে খেলায় সমতা ফেরায় তারা।
প্রথম ও দ্বিতীয় কোয়ার্টারে দুই দলই সমান প্রতিদ্বন্দ্বিতা করে এবং কোনো দলই ব্যবধান তৈরি করতে পারেনি। তবে তৃতীয় কোয়ার্টারে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন কনা আক্তার। পেনাল্টি কর্নার থেকে আসা বল গোলরক্ষক প্রতিহত করার চেষ্টা করলেও সফল হননি, আর সেই সুযোগে অসাধারণ স্টিকে বল জালে জড়িয়ে দেন কনা। এতে লিড নেয় বাংলাদেশ।
এরপর আরও একটি পেনাল্টি কর্নার পেলেও ব্যবধান বাড়াতে পারেনি লাল-সবুজের দল। শেষ কোয়ার্টারে দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণ চালালেও কেউ গোল করতে পারেনি। শেষ পর্যন্ত ২–১ ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।
এই জয়ের ফলে গ্রুপের শীর্ষস্থান ধরে রেখে সেমিফাইনালে উঠে বাংলাদেশ নারী হকি দল। পাশাপাশি তারা প্রথমবারের মতো এশিয়ান গেমসের মূল আসরেও জায়গা করে নেয়, যা অনুষ্ঠিত হবে ২০২৬ সালের সেপ্টেম্বরে জাপানের আইচি-নাগোয়ায়।
এর আগে বাছাইপর্বের প্রথম ম্যাচে চাইনিজ তাইপের বিপক্ষে ৫–৫ গোলে ড্র করে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানকে ৩–২ গোলে হারিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের প্রথম জয় পায় তারা। ধারাবাহিক এই পারফরম্যান্সের ধারাবাহিকতায় শক্তিশালী হংকং চায়নাকে হারিয়ে ইতিহাস গড়ে বাংলাদেশ নারী হকি দল।