


আগামী জাতীয় নির্বাচন বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ ও গণতান্ত্রিক ধারাকে নতুন পথে পরিচালিত করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, আগামীর নির্বাচন শুধু একটি ভোটের আয়োজন নয়, এটি হবে জাতির অগ্রযাত্রা নির্ধারণের নির্বাচন। এই নির্বাচনের মধ্য দিয়েই এমন একটি গণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠিত হবে, যেখানে ভবিষ্যতে আর কোনো সরকার গণতন্ত্রের পথ থেকে বিচ্যুত হতে পারবে না।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে কক্সবাজারের চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে মহিলা দলের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বক্তব্যে তিনি বলেন, বিএনপি এমন একটি সংসদ গঠনের স্বপ্ন দেখে, যেখানে সংসদ হবে জনগণের কথা বলার জায়গা—নাচ-গান কিংবা অপ্রাসঙ্গিক কর্মকাণ্ডের নয়। সেখানে সন্ত্রাসী কিংবা দুর্নীতিবাজদের কোনো স্থান থাকবে না; বরং গণতান্ত্রিক অধিকার, সুশাসন ও দেশের বাস্তব উন্নয়ন নিয়ে আলোচনা হবে।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, বিএনপি এমন সংসদ চায় যেখানে প্রশংসা আর তোষামোদ সংস্কৃতির অবসান ঘটবে। সংসদ সদস্যরা নির্বিঘ্নে জনগণের কথা বলবেন, সরকারের ভুল সিদ্ধান্তের গঠনমূলক বিরোধিতা হবে এবং ভিন্নমতের প্রতি সম্মান দেখানো হবে। তার মতে, শক্তিশালী বিরোধী দল ছাড়া কার্যকর সংসদ ও টেকসই গণতন্ত্র সম্ভব নয়।
তিনি আশা প্রকাশ করেন, এই নির্বাচন জাতির মোড় ঘুরিয়ে দেবে এবং একটি শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়ে বাংলাদেশের গণতন্ত্র আরও সুসংহত হবে।