


পবিত্র ঈদুল আজহা সামনে রেখে কোরবানির পশু পরিবহনে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। নির্দেশনা অনুযায়ী, পশুবাহী ট্রাকের সামনে সংশ্লিষ্ট হাটের নাম ও ঠিকানা স্পষ্টভাবে ব্যানারে প্রদর্শন করতে হবে। এর উদ্দেশ্য হলো পরিবহন ব্যবস্থা আরও সুশৃঙ্খল করা এবং পথে হয়রানি কমানো।
সোমবার (১৮ মে) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সরকারের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, যা ঈদকে সামনে রেখে পশু পরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনবে।
বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মো. সাইফুল আলম জানান, দেশের বিভিন্ন স্থান থেকে কোরবানির জন্য গরু, ছাগল, মহিষসহ অন্যান্য পশু যে হাটে নেওয়া হবে, সেই হাটের নাম ও পূর্ণ ঠিকানা ট্রাকের সামনে দৃশ্যমানভাবে ব্যানারে লিখে রাখতে হবে।
তিনি আরও বলেন, এই নির্দেশনার ফলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য পরিবহন শনাক্ত করা সহজ হবে এবং পথে কোনো ধরনের হয়রানি বা অনাকাঙ্ক্ষিত বাধার সম্ভাবনা কমে যাবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, পশু পরিবহনের সময় যদি কোনো সমস্যার সৃষ্টি হয়, তাহলে সংশ্লিষ্টদের দ্রুত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নিতে হবে। একই সঙ্গে ট্রাক মালিক ও চালকদের প্রতি নির্দেশনা যথাযথভাবে পালনের আহ্বান জানানো হয়েছে।