


পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে তিউনিসিয়া ও তুরস্ক। দেশ দুটির ঘোষণা অনুযায়ী, আগামী ২৭ মে ঈদুল আজহা উদযাপিত হবে। এর মাধ্যমে চলতি বছরের কোরবানির ঈদের তারিখ নির্ধারণে বিশ্ব মুসলিমদের মধ্যে আলোচনা শুরু হয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, আনুষ্ঠানিকভাবে ঈদুল আজহার তারিখ ঘোষণা করা প্রথম দেশ হিসেবে এবারও এগিয়ে রয়েছে তিউনিসিয়া। একইসঙ্গে তুরস্কও বৈজ্ঞানিক হিসাবের ভিত্তিতে একই তারিখ ঘোষণা করেছে।
আরবি হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী আগামী সোমবার (১৮ মে) জিলহজ মাসের প্রথম দিন হিসেবে গণনা করা হচ্ছে। ইসলামী নিয়ম অনুসারে জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা উদযাপিত হয়। সেই হিসাব অনুযায়ী ২৭ মে তারিখে কোরবানির ঈদ পালিত হবে বলে জানিয়েছে দেশ দুটি।
বিশেষ করে তুরস্ক দীর্ঘদিন ধরেই চাঁদ দেখার প্রচলিত পদ্ধতির পরিবর্তে জ্যোতির্বৈজ্ঞানিক ও বৈজ্ঞানিক গণনার মাধ্যমে ইসলামি মাস ও ঈদের তারিখ নির্ধারণ করে আসছে। ফলে দেশটি আগেভাগেই ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ করতে সক্ষম হয়।
অন্যদিকে তিউনিসিয়াও এবার আনুষ্ঠানিকভাবে সবার আগে ঈদুল আজহার তারিখ ঘোষণা করে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় এসেছে।
এদিকে বিভিন্ন মুসলিম দেশে এখনো চাঁদ দেখার ওপর ভিত্তি করে ঈদের তারিখ নির্ধারণের প্রস্তুতি চলছে। ফলে দেশভেদে ঈদ উদযাপনের তারিখে সামান্য পার্থক্য হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশে সাধারণত জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ঈদুল আজহার চূড়ান্ত তারিখ ঘোষণা করা হয়।