Date: May 01, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / আন্তর্জাতিক / আজ থেকে বেইজিংয়ে ড্রোন বিক্রিতে নিষেধাজ্ঞা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

আজ থেকে বেইজিংয়ে ড্রোন বিক্রিতে নিষেধাজ্ঞা

May 01, 2026 11:12:52 AM   অনলাইন ডেস্ক
আজ থেকে বেইজিংয়ে ড্রোন বিক্রিতে নিষেধাজ্ঞা

চীনের রাজধানী বেইজিংএ ড্রোন বিক্রি, ভাড়া ও বহনে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। আজ শুক্রবার (১ মে) থেকে কার্যকর হওয়া নতুন নিয়ম অনুযায়ী, শহরটিতে ড্রোন ও এর যন্ত্রাংশ বিক্রি, ভাড়া দেওয়া কিংবা বাইরে থেকে নিয়ে আসা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।

নতুন বিধিমালায় বলা হয়েছে, ড্রোন মালিকদের তাদের ডিভাইস বাধ্যতামূলকভাবে পুলিশের কাছে নিবন্ধন করতে হবে। এছাড়া ঘরের বাইরে ড্রোন ওড়ানোর ক্ষেত্রে আগে থেকেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে।

ড্রোন ব্যবহারের জন্য ব্যবহারকারীদের অনলাইন প্রশিক্ষণ সম্পন্ন করা এবং আইনবিষয়ক পরীক্ষায় উত্তীর্ণ হওয়াও বাধ্যতামূলক করা হয়েছে।

চীন সরকার ড্রোন ও ‘ফ্লাইং ট্যাক্সি’ প্রযুক্তিকে তাদের কৌশলগত ‘লো-অল্টিটিউড ইকোনমি’-এর গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করছে। ২০৩৫ সালের মধ্যে এই খাত থেকে প্রায় ২ ট্রিলিয়ন ইউয়ান আয় করার লক্ষ্য নির্ধারণ করেছে দেশটি।

যদিও চীনের অন্যান্য শহরে কৃষি, খাবার সরবরাহ ও ভবন পরিষ্কারে ড্রোনের ব্যাপক ব্যবহার রয়েছে, তবে বেইজিংয়ে নিরাপত্তা ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। নতুন আইনে শহরের ভেতরে ড্রোন আনা-নেওয়ার ক্ষেত্রেও নিবন্ধনের প্রমাণ দেখাতে হবে।

এছাড়া মেরামতের জন্য ড্রোন বাইরে পাঠানো হলে তা কুরিয়ারে নয়, মালিককে সরাসরি উপস্থিত হয়ে গ্রহণ করতে হবে।

তবে সন্ত্রাসবাদ দমন, জরুরি উদ্ধার ও দুর্যোগ ব্যবস্থাপনার মতো বিশেষ ক্ষেত্রে কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে ড্রোন ব্যবহারের সুযোগ রাখা হয়েছে।

বিশ্লেষকদের মতে, এই কঠোর বিধিনিষেধ চীনের বিশাল ড্রোন বাজারে অস্থিরতা সৃষ্টি করতে পারে। বর্তমানে দেশে ৩০ লাখেরও বেশি নিবন্ধিত ড্রোন রয়েছে এবং বিশ্বের বৃহত্তম ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান ডিজেআইর সদর দপ্তরও চীনে অবস্থিত।

নতুন নিয়ম কার্যকরের আগেই বেইজিংয়ের বিভিন্ন শোরুম থেকে ড্রোন ও সংশ্লিষ্ট পণ্য সরিয়ে নেওয়া শুরু হয়েছে বলে জানা গেছে। এতে প্রযুক্তি খাত ও ব্যবহারকারীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

 

ডিপি/ আবদুল্লাহ