


ফেনী প্রতিনিধি:
ফেনীতে আমার বাংলাদেশ (এবি) পার্টির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী এবং মহান মে দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার (১ মে) সকালে শ্রমিকদের সাথে মতবিনিময় এবং দুপুরে দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।
কর্মসূচির শুরুতে সকাল ১০টায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন ধরণের শ্রমজীবী মানুষের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এরপর দুপুরে মিজান রোডের জেলা কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন দলটির নেতাকর্মীরা।
জেলা এবি পার্টির এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আফলাতুন বাকী। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সদস্য সচিব ফজলুল হক, যুগ্ম সদস্য সচিব নজরুল ইসলাম কামরুল এবং অর্থ সম্পাদক মাস্টার শাহ আলম শাহীন সুলতানী।
এ সময় আরও উপস্থিত ছিলেন মির ইকবাল, নাজরানা হাফিজ অম্লান, কাজী জাহাঙ্গীর লিটনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এছাড়া এবি যুব পার্টি ও ছাত্রপক্ষের প্রতিনিধিরাও এই কর্মসূচিতে অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে ফজলুল হক বলেন, আমার বাংলাদেশ পার্টি দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই কাজ করে যাচ্ছে। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারভিত্তিক দেশ গড়তে তারা অঙ্গীকারবদ্ধ। মে দিবস উপলক্ষে তিনি শ্রমিকদের জীবনমান উন্নয়নে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান এবং ভবিষ্যতে সব সময় সাধারণ মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।