Date: April 25, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / ৭ মাসের শিশুকে নিয়ে উধাও প্রতিবেশী নারী! - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

৭ মাসের শিশুকে নিয়ে উধাও প্রতিবেশী নারী!

April 23, 2026 12:13:01 PM   অনলাইন ডেস্ক
৭ মাসের শিশুকে নিয়ে উধাও প্রতিবেশী নারী!

রাজশাহীর বাগমারা উপজেলায় সাত মাস বয়সী এক কন্যাশিশুকে কোলে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এক প্রতিবেশী নারীর বিরুদ্ধে। বুধবার (২২ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

অভিযুক্ত শিউলী বেগম উপজেলার দানগাছি গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে তিনি প্রতিবেশী জাহিদ হাসানের মেয়ে জবাইদা আক্তারকে কোলে নিয়ে আদর করছিলেন। একপর্যায়ে শিশুটিকে নিয়ে নিজের বাড়িতে যান, কিন্তু দীর্ঘ সময় পরও ফিরে না আসায় পরিবারের মধ্যে উদ্বেগ দেখা দেয়।

শিশুটির মা সুরাইয়া আক্তার ইতি জানান, মেয়েকে আনতে গিয়ে দেখেন শিউলী বাড়িতে নেই। এরপর আশপাশের এলাকা, অটোরিকশা স্ট্যান্ড ও বাসস্ট্যান্ডে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাওয়া যায়নি।

প্রতিবেশীরা জানান, শিউলী বেগমের আচরণ সম্প্রতি কিছুটা অস্বাভাবিক ছিল। ঘটনার সময় তিনি নিজের মোবাইল ফোন বাড়িতে রেখে যান। তার স্বামী বিদ্যুৎ হোসেন গাজীপুরে অবস্থান করছেন এবং খবর পেয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন।

এ বিষয়ে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিল্লুর রহমান বলেন, ঘটনার সত্যতা পাওয়া গেছে এবং মামলা গ্রহণ করা হয়েছে। শিশুটিকে উদ্ধারের পাশাপাশি অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে এখনো শিশুটির অবস্থান নিশ্চিত হওয়া যায়নি।