Date: April 19, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / ৩৭ লাখ মানুষ ট্রেনের টিকিট কিনতে চেয়েছে : রেলপথ মন্ত্রী - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

৩৭ লাখ মানুষ ট্রেনের টিকিট কিনতে চেয়েছে : রেলপথ মন্ত্রী

March 13, 2026 12:38:00 PM   দেশেরপত্র ডেস্ক
৩৭ লাখ মানুষ ট্রেনের টিকিট কিনতে চেয়েছে : রেলপথ মন্ত্রী

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে গত ৩ থেকে ৯ মার্চ পর্যন্ত ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করেছে বাংলাদেশ রেলওয়ে। এই সময়ে অনলাইনে প্রায় ৩৭ লাখ মানুষ টিকিট সংগ্রহের চেষ্টা করেছেন বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম।

শুক্রবার (১৩ মার্চ) ঢাকার প্রধান রেলস্টেশন কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান। তিনি বলেন, ৩ মার্চ থেকে ঈদের ১০ দিন আগের টিকিট ধারাবাহিকভাবে অনলাইনে ছাড়া হয়েছিল এবং আজ থেকে ঈদযাত্রা শুরু হয়েছে।

মন্ত্রী জানান, অনলাইনে টিকিটের ব্যাপক চাপ ছিল। প্রায় ৩৭ লাখ মানুষ টিকিট কেনার চেষ্টা করলেও সক্ষমতা অনুযায়ী প্রায় ৩৬ হাজার টিকিট বিক্রি করা সম্ভব হয়েছে। তবে স্টেশন পরিদর্শনে এসে তিনি দেখেছেন যে এখন পর্যন্ত সবকিছু স্বাভাবিক রয়েছে।

তিনি আরও বলেন, শুক্রবার সকাল পর্যন্ত ২১টি ট্রেন স্টেশন ছেড়ে গেছে এবং অধিকাংশই নির্ধারিত সময়েই যাত্রা শুরু করেছে। মাত্র দুটি ট্রেন প্রায় ৪০ মিনিট বিলম্বে ছেড়েছে।

রেলপথ মন্ত্রী জানান, যাত্রীদের স্বস্তিদায়ক ভ্রমণ নিশ্চিত করতে মিটার গেজে ১২৪টি এবং ব্রড গেজে আরও প্রায় ১৪টি কোচ যুক্ত করা হয়েছে। বর্তমানে প্রতিদিন প্রায় ৩৬ থেকে ৪২ হাজার যাত্রীকে সেবা দেওয়ার সক্ষমতা রয়েছে রেলের।

তিনি বলেন, ঈদযাত্রার শেষ মুহূর্তে ট্রেনের ছাদে বা অন্যভাবে ওঠার যে বাড়তি চাপ তৈরি হয়, তা নিয়ন্ত্রণে রাখতে কর্তৃপক্ষ কাজ করছে।

স্টেশন পরিদর্শনের সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম এবং বাংলাদেশ রেলওয়ে-এর মহাপরিচালক মো. আফজাল হোসেনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।