
আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম-এর বিরুদ্ধে নতুন করে ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ তুলেছেন সাদিয়া রহমান মিথিলা। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতার হয়ে তিনি জেলহাজতে আছেন। এর মধ্যেই অর্থ লেনদেন সংক্রান্ত আরেকটি গুরুতর অভিযোগ সামনে এসেছে।
মিথিলার দাবি, হিরো আলম তার কাছ থেকে ৩০ লাখ টাকা নিয়েছেন এবং সেই অর্থ ফেরত দেননি। তিনি জানান, পুরো লেনদেনের কাগজপত্র তার কাছে সংরক্ষিত রয়েছে। প্রয়োজন হলে সেসব দলিল আদালতে দাখিল করবেন বলেও জানিয়েছেন তিনি। মিথিলার ভাষ্য অনুযায়ী, এই টাকা দেওয়ার জন্য তাকে নিজের একটি জমি বিক্রি করতে হয়েছে। জমি বিক্রির দলিল ও সংশ্লিষ্ট আর্থিক লেনদেনের প্রমাণ তার কাছে আছে বলেও তিনি উল্লেখ করেন।
এর আগে গত ১০ ফেব্রুয়ারি বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক আনোয়ারুল হক মামলাটির শুনানি শেষে হিরো আলমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন। আদালতে দায়ের করা এজাহারে বলা হয়, ‘নায়িকা বানানোর প্রলোভন’ দেখিয়ে সাদিয়া রহমান মিথিলাকে একাধিকবার ধর্ষণ ও শারীরিক নির্যাতন করা হয়েছে। এছাড়া তাকে জোরপূর্বক গর্ভপাত করাতেও বাধ্য করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ রয়েছে।
অভিযোগ অস্বীকারের পরিপ্রেক্ষিতে ভুক্তভোগী মিথিলা গত বছরের ২১ এপ্রিল নারী ও শিশু নির্যাতন দমন আইনে বগুড়ার আদালতে মামলা দায়ের করেন। মামলার তদন্তভার পায় পিবিআই। তদন্ত শেষে সংস্থাটি প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ার কথা জানায়। পরবর্তীতে আদালত অভিযোগ আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
এদিকে নতুন করে ৩০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ যুক্ত হওয়ায় মামলাটি আরও জটিল আকার ধারণ করেছে। অভিযোগের বিষয়ে হিরো আলমের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মামলার পরবর্তী শুনানির দিকে নজর রয়েছে সংশ্লিষ্টদের।