


একটি রহস্যময় ইনস্টাগ্রাম পোস্ট ঘিরে আবারও আলোচনায় হানিয়া আমির ও অসীম আজহারের সম্পর্ক। পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির ও গায়ক অসীম আজহারের সম্পর্ক নিয়ে নতুন করে গুঞ্জন ছড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সম্প্রতি অসীম আজহারের বাড়িতে আয়োজিত একটি ঘরোয়া কাওয়ালি সন্ধ্যায় হানিয়ার উপস্থিতি এবং এরপর ইনস্টাগ্রামে শেয়ার করা তার রহস্যময় ছবি ভক্তদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে।
‘কাভি ম্যায় কাভি তুম’ নাটকের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া হানিয়া আমির ওই অনুষ্ঠানের একাধিক ছবি ক্যারোসেল পোস্ট আকারে শেয়ার করেন। ছবিতে দেখা যায়, তিনি অসীম আজহারের আয়োজিত কাওয়ালি সন্ধ্যায় অংশ নিয়েছেন, যা মুহূর্তেই নেটিজেনদের নজর কাড়ে।
অনুষ্ঠানে ২৮ বছর বয়সী এই অভিনেত্রী পরেছিলেন ভারী নকশায় সাজানো একটি হাফ-ব্যাকলেস কালো শাড়ি। বেণি করা চুল, কালো চুড়ি ও ভারী সোনার বালার সঙ্গে তার সাজে ফুটে ওঠে ঐতিহ্য ও আধুনিকতার সুন্দর মেলবন্ধন—যা ভক্তদের প্রশংসা কুড়িয়েছে।
হানিয়ার পোস্ট নিয়ে আলোচনার মূল কারণ, তিনি ও ‘জো তু না মিলা’ খ্যাত গায়ক অসীম আজহার অতীতে সম্পর্কে ছিলেন। সাম্প্রতিক সময়ে দুজনের কিছু সূক্ষ্ম ইঙ্গিত ও একসঙ্গে উপস্থিতি নতুন করে পুনর্মিলনের সম্ভাবনা উসকে দিয়েছে বলে মনে করছেন অনেকে।
বিশেষ করে অসীম আজহার তার প্রাক্তন বাগদত্তা মীরুব আলীর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেওয়ার পর থেকেই এই গুঞ্জন আরও জোরালো হয়। এরপর বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে এই জুটিকে একসঙ্গে দেখা যাওয়ায় আলোচনা আরও বেড়েছে। তবে এখন পর্যন্ত হানিয়া আমির বা অসীম আজহার কেউই এসব প্রেমের গুঞ্জন নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।
কাজের দিক থেকে হানিয়া আমির বর্তমানে ব্যস্ত সময় পার করছেন। তিনি শিগগিরই নেটফ্লিক্সের আসন্ন সিরিজ ‘জো বাচায় হ্যায় সাং সমই লো’-তে অভিনয় করতে যাচ্ছেন। অন্যদিকে, অসীম আজহার গত বছরের নভেম্বরের শেষ দিকে প্রকাশ করেছেন তার প্রথম স্বাধীন অ্যালবাম ‘অসীম আলী’, যা তার সংগীত জীবনের একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।