


জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে লেখা একটি কবিতা পাঠ করেছেন চিফ হুইপ নূরুল ইসলাম (মনি)। একই সঙ্গে তিনি প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক স্বীকৃতি ও সরকারের কর্মকাণ্ডের প্রশংসা করেন, যা সংসদে উপস্থিত সদস্যদের মধ্যে উচ্ছ্বাসের সৃষ্টি করে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। অধিবেশনের এক পর্যায়ে টাইম ম্যাগাজিনের বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রীর নাম অন্তর্ভুক্ত হওয়ায় সংসদের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানান চিফ হুইপ।
এ সময় সরকারি দলের সদস্যরা টেবিল চাপড়ে তার বক্তব্য সমর্থন করেন। পরে চিফ হুইপ প্রধানমন্ত্রীকে নিয়ে একটি কবিতা আবৃত্তি করেন, যদিও কবিতাটির লেখকের নাম তিনি উল্লেখ করেননি।
সংসদে বক্তব্য রাখতে গিয়ে নূরুল ইসলাম (মনি) বলেন, টাইম ম্যাগাজিনে বিশ্বের প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নাম অন্তর্ভুক্ত হওয়া শুধু তার ব্যক্তিগত অর্জন নয়, বরং পুরো দেশের সম্মান বৃদ্ধি করেছে। তিনি বলেন, এই অর্জনের মাধ্যমে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে আরও মর্যাদাপূর্ণ অবস্থানে পৌঁছেছে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণের পর থেকেই দেশের উন্নয়ন ও বিভিন্ন কর্মসূচি দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন। তার ভাষায়, দীর্ঘ সময় পর দেশে ফিরে তিনি জনগণের মধ্যে নতুন আশার সঞ্চার করেছেন এবং দ্রুতগতিতে কাজ বাস্তবায়ন করছেন।
এরপর সংসদে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে একটি আবেগঘন কবিতা পাঠ করেন চিফ হুইপ। কবিতায় তিনি নেতৃত্ব, উন্নয়ন, আশা এবং দেশের অগ্রগতির চিত্র তুলে ধরেন।
কবিতাটি হলো—
‘তিনি আসার আগে দেশটা যেন ভাঁজ করা মানচিত্র ছিল,
নদী ছিল, মানুষ ছিল, স্বপ্নও ছিল
কিন্তু দিগন্ত খুলে দেওয়ার মতো কোনো হাত ছিল না।
তিনি এলেন, বললেন, খুবই কম কথা, সময়ের কপালে লিখে দিলেন একটি উজ্জ্বল উচ্চারণ
বললেন, উই হ্যাভ আ প্ল্যান
তাঁর দৃঢ়তা ছিল পাহাড়ের মতো
কিন্তু হৃদয় শিশিরভেজা ঘাসের মতো
বিশ্বের বড় বড় দরজায় তিনি কড়া নাড়েননি, নিজের আলোয় দাঁড়িয়েছিলেন, দরজাগুলো নিজেই খুলে গেছে
এখন দূরদেশের আকাশেও আমাদের পতাকার রং দেখা যায়, বিদেশি বাতাসেও শোনা যায় এই মাটির নাম
এই দেশের নাম, বাংলাদেশের নাম
নেতৃত্ব মানে শুধু সামনে হাঁটা নয়, নেতৃত্ব মানে অসংখ্য ক্লান্ত মানুষের চোখে স্বপ্ন জাগিয়ে তোলা
আশা জাগিয়ে তোলা।’
কবিতা পাঠের পর ডেপুটি স্পিকার কায়সার কামাল মন্তব্য করেন, এই অর্জন পুরো জাতির গর্ব এবং দেশের সম্মিলিত সাফল্যের প্রতিফলন।
উল্লেখ্য, এর আগেও সংসদে বিভিন্ন নেতাকে নিয়ে কবিতা পাঠের ঘটনা ঘটেছে। গত ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশনে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে কবিতা পাঠ করেছিলেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।