Date: April 17, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পদক গ্রহণ করলেন জাইমা রহমান - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পদক গ্রহণ করলেন জাইমা রহমান

April 16, 2026 06:52:47 PM   দেশেরপত্র ডেস্ক
খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পদক গ্রহণ করলেন জাইমা রহমান

দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ প্রদান করা হয়েছে জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে। এ বছর সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মরণোত্তর সম্মাননা দেওয়া হয়, যার পক্ষে পদক গ্রহণ করেন তার নাতনি জাইমা রহমান।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল ৪টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন ব্যক্তির হাতে স্বাধীনতা পুরস্কার তুলে দেন।

খালেদা জিয়া স্বাধীনতা, গণতন্ত্র, নারী শিক্ষা এবং দেশের সামগ্রিক উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা পান। তার পক্ষে আনুষ্ঠানিকভাবে পদক গ্রহণ করেন জাইমা রহমান।

এ বছর মোট ১৫ জন বিশিষ্ট ব্যক্তি এবং ৫টি প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান করা হয়েছে। সরকারের পক্ষ থেকে এর তালিকা আগেই মন্ত্রিপরিষদ বিভাগ প্রকাশ করেছিল।

পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে রয়েছেন মুক্তিযুদ্ধে অবদান রাখা মেজর মোহাম্মদ আবদুল জলিল (মরণোত্তর), বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক জহুরুল করিম, সাহিত্যে আশরাফ সিদ্দিকী (মরণোত্তর), সংস্কৃতিতে এ কে এম হানিফ (হানিফ সংকেত), সংগীতে বশীর আহমেদ (মরণোত্তর), ক্রীড়ায় জোবেরা রহমান লিনু, সমাজসেবায় ডা. জাফরুল্লাহ চৌধুরী (মরণোত্তর) এবং আরও অনেকে।

এছাড়া গবেষণা, জনপ্রশাসন, পরিবেশ সংরক্ষণসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিও দেওয়া হয়েছে একাধিক ব্যক্তিকে।

প্রতিষ্ঠান পর্যায়ে পুরস্কার পেয়েছে ফৌজদারহাট ক্যাডেট কলেজ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ), এসওএস চিলড্রেনস ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ এবং গণস্বাস্থ্য কেন্দ্র।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের অবদান দেশের ইতিহাস, উন্নয়ন ও সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।