


সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় আওয়ামী লীগের সাতজন নেতাকর্মীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০ এর সদস্যরা। শনিবার (৩১ মে) রাত ৮টার দিকে মুন্সিগঞ্জের শ্রীনগর এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে আটকদের সালথা থানায় হস্তান্তর করা হয়।
আটককৃতরা হলেন- সালথা উপজেলার গট্টি ইউনিয়নের পাটপাশা বালিয়া এলাকার মৃত মমিন মাতুব্বরের ছেলে জাহিদ মাতুব্বর (৫১), একই এলাকার টুকু মাতুব্বরের ছেলে রিপন মাতুব্বর (৪৩), মধ্য বালিয়া এলাকার রুস্তম বেপারীর ছেলে শাহিন বেপারী (৪০), কাঠিয়ার গট্টি এলাকার মৃত শন্ত মাতুব্বরের ছেলে ইস্কান্দার আলী (৪৫), বড়বালিয়া গ্রামের গালিম মাতুব্বরের ছেলে হাফিজুর মাতুব্বর (৩৩), ছোটবালিয়া গ্রামের মৃত আকমাল মাতুব্বরের ছেলে জাফর মাতুব্বর (৬২) এবং দোহার গট্টি গ্রামের মলো মাতুব্বরের ছেলে জাহাঙ্গীর মাতুব্বর (৪৬)। তারা সবাই আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী বলে জানা গেছে।
আটকের বিষয়টি নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মারামারি ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে রবিবার (১ জুন) দুপুরে তাদের ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।