Date: May 06, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / সাভারে জলবায়ু ও পুষ্টি ঝুঁকি মোকাবিলায় ইউনিয়ন পর্যায়ে পরিকল্পনা সভা অনুষ্ঠিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের...

সাভারে জলবায়ু ও পুষ্টি ঝুঁকি মোকাবিলায় ইউনিয়ন পর্যায়ে পরিকল্পনা সভা অনুষ্ঠিত

May 06, 2026 07:34:38 PM   অনলাইন ডেস্ক
সাভারে জলবায়ু ও পুষ্টি ঝুঁকি মোকাবিলায় ইউনিয়ন পর্যায়ে পরিকল্পনা সভা অনুষ্ঠিত

সাভার প্রতিনিধি:
সাভার ইউনিয়ন পরিষদের উদ্যোগে এবং বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার সহায়তায় ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৬ মে সকালে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ‘সাভার ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম’ (এমএসপি) এই সভার আয়োজন করে।

সভায় জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কমানো এবং স্থানীয় পর্যায়ে এর সাথে মানিয়ে নেওয়ার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে ‘ক্লাইমেট অ্যাকশন অ্যাট লোকাল লেভেল’ (কল) প্রকল্পের আওতায় স্থানীয় সম্পদ ব্যবহার করে কীভাবে পরিবেশবান্ধব উন্নয়ন নিশ্চিত করা যায়, সেই বিষয়ে গুরুত্ব দেন সংশ্লিষ্টরা। জলবায়ু পরিবর্তনের প্রভাবে সাধারণ মানুষের পুষ্টির চাহিদা যাতে ব্যাহত না হয়, সে বিষয়টিও পরিকল্পনায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে সাভারের মতো শিল্পাঞ্চল ও ঘনবসতিপূর্ণ এলাকাগুলো বড় ধরণের ঝুঁকির মুখে রয়েছে। এই পরিস্থিতি সামাল দিতে স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজ এবং সাধারণ মানুষের অংশগ্রহণ খুব জরুরি। আগামী এক বছরের জন্য একটি কার্যকর ও বাস্তবসম্মত পরিকল্পনা ঠিক করাই ছিল এই সভার মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানে সাভার ইউনিয়ন পরিষদের প্রতিনিধি, গেইন (জিএআইএন) সহ বিভিন্ন উন্নয়ন সংস্থার কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা আশা প্রকাশ করেন যে, এই পরিকল্পনার সঠিক বাস্তবায়নের মাধ্যমে সাভার ইউনিয়ন পরিবেশবান্ধব ও দুর্যোগ সহনশীল একটি আধুনিক মডেল হিসেবে পরিচিতি পাবে। এর ফলে স্থানীয় জনজীবনে ইতিবাচক পরিবর্তন আসবে বলে তারা মনে করেন।