


নওগাঁর মহাদেবপুর ও নিয়ামতপুর উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় মাঠে কাজ করার সময় দুই কৃষকসহ মোট ৩ জনের মৃত্যু হয়েছে। আকস্মিক ঝোড়ো হাওয়া ও বৃষ্টির মধ্যে ঘটে যাওয়া এই ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।
বুধবার (৬ মে) দুপুরে হঠাৎ শুরু হওয়া ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টির সময় মাঠে কাজ করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।
মহাদেবপুর উপজেলার হাতুড় ইউনিয়নের লাটুয়াপাড়া গ্রামে ধান কেটে বাড়ি ফেরার পথে বজ্রপাতে নিহত হন কৃষক দিলীপ বর্মন (৪৯)। তিনি স্থানীয় হরিচরণ বর্মনের ছেলে। একই ঘটনায় আরও দুই কৃষক আহত হন, যাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের মতে, বৃষ্টির মধ্যে ধান নিয়ে ফেরার সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান দিলীপ বর্মন।
নিয়ামতপুর উপজেলায়ও পৃথক দুইটি বজ্রপাতের ঘটনায় আরও দুইজনের মৃত্যু হয়।
চন্দননগর ইউনিয়ন ও হাজিনগর ইউনিয়নের আলাদা এলাকায় মাঠে কাজ করার সময় বজ্রপাতে প্রাণ হারান দুইজন। নিহতদের একজনের পরিচয় জানা গেলেও অপরজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কৃষিকাজে ব্যস্ত সময়ের মধ্যে আকস্মিক এই দুর্ঘটনায় আতঙ্কও ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মধ্যে।