Date: April 20, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / সিলেট / সুনামগঞ্জে ‘হানি ট্র্যাপে’ সরকারি কর্মচারী: নারীসহ গ্রেপ্তার ২ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সুনামগঞ্জে ‘হানি ট্র্যাপে’ সরকারি কর্মচারী: নারীসহ গ্রেপ্তার ২

April 20, 2026 02:52:08 PM   জেলা প্রতিনিধি
সুনামগঞ্জে ‘হানি ট্র্যাপে’ সরকারি কর্মচারী: নারীসহ গ্রেপ্তার ২

সুনামগঞ্জে এক সরকারি কর্মচারীকে প্রেমের ফাঁদে ফেলে (হানি ট্র্যাপ) বিবস্ত্র করে নির্যাতন এবং ব্ল্যাকমেইল করার অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ। ভুক্তভোগীকে প্রথমে বিবস্ত্র করে মারধর করা হয় এবং সেই দৃশ্যের ভিডিও ধারণ করা হয়। পরে ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তার কাছে মোটা অঙ্কের টাকা দাবি করা হয়।

বারবার টাকা চাওয়ায় অতিষ্ঠ হয়ে ভুক্তভোগী সুনামগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দেন। পুলিশ অভিযোগ পেয়ে দ্রুত অভিযানে নামে। প্রথমে আটক করা হয় অভিযুক্ত সরকারি কর্মচারী অজিত দাসকে (৩৩)। পুলিশ তাকে নিয়ে মূল অভিযুক্ত তরুণীকে ধরতে তার বাসায় গেলেও তাকে সেখানে পাওয়া যায়নি।

এরপর পুলিশ একটি কৌশল অবলম্বন করে। আটক অজিতের মাধ্যমে তরুণীকে খবর পাঠানো হয় যে নতুন একজন ‘মক্কেল’ পাওয়া গেছে যার কাছ থেকে অনেক টাকা আদায় করা যাবে। এই টাকার লোভে তরুণী নির্দিষ্ট স্থানে আসতেই পুলিশ তাকে গ্রেপ্তার করে। অভিযানে নেতৃত্ব দেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন সেখ এবং উপপরিদর্শক জহির হোসেন।

আটক তরুণীর নাম তুলনা আক্তার, তার বাড়ি জামালগঞ্জ উপজেলায়। অন্য অভিযুক্ত অজিত দাস শহরের ধোপাখালী এলাকার বাসিন্দা।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন সেখ জানান, ভিডিওসহ অভিযোগ পাওয়ার পর পুলিশ সুপারের নির্দেশনায় তারা মাঠে নামেন। সুকৌশলে এই চক্রের দুজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।