


সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে বুধবার (১৭ ডিসেম্বর) রাত ১টা ১১ মিনিটে ৪ মাত্রার একটি মাঝারি ভূমিকম্প অনুভূত হয়েছে। দেশটির ভূতত্ত্ব জরিপ সংস্থা জানায়, কম্পনের উৎপত্তি মাটির মাত্র ৮ কিলোমিটার গভীরে ছিল। খবরটি সৌদি গ্যাজেট প্রকাশ করেছে।
ভূতত্ত্ব জরিপ সংস্থার মুখপাত্র তারেক আবু আল খলিল বলেন, ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কম্পনের মাত্রা কম থাকায় ঘরবাড়ি বা স্থাপনার কোনো ক্ষতি হয়নি। সংস্থার তথ্য অনুযায়ী, এই ভূমিকম্প ইরানের জাগরোস পর্বতমালায় টেকনোটিক প্লেটের চাপের কারণে সৃষ্টি হয়েছে। ওই চাপের ফলে সৌদির পূর্বাঞ্চলীয় প্রদেশের মাটির নিচে থাকা ফল্টগুলো সক্রিয় হতে পারে, যার কারণে মাঝে মাঝে মৃদু ভূমিকম্প অনুভূত হওয়ার সম্ভাবনা তৈরি হয়।
এদিকে, ভূমিকম্পের পাশাপাশি প্রদেশটিতে বর্তমানে আবহাওয়া পরিস্থিতি খারাপ রয়েছে। এর আগে থেকেই বৈরী আবহাওয়ার কারণে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। তীব্র বাতাস ও খারাপ আবহাওয়ার কারণে বুধবার পর্যন্ত টানা তিন দিন সরাসরি শিক্ষা কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। শিক্ষার্থীরা বর্তমানে বিকল্প উপায়ে তাদের পড়াশোনা চালিয়ে যাচ্ছেন।