Date: April 18, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / লাইফস্টাইল / স্ক্রিন টাইমের চোখের ক্লান্তি? তিনটি সহজ ব্যায়ামে পাবেন স্বস্তি - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

স্ক্রিন টাইমের চোখের ক্লান্তি? তিনটি সহজ ব্যায়ামে পাবেন স্বস্তি

February 16, 2026 12:43:31 PM   অনলাইন ডেস্ক
স্ক্রিন টাইমের চোখের ক্লান্তি? তিনটি সহজ ব্যায়ামে পাবেন স্বস্তি

আজকাল মোবাইল, ল্যাপটপ এবং অন্যান্য স্ক্রিন ডিভাইস ব্যবহার ছাড়া দিন কল্পনা করা মুশকিল। অফিসের কাজ হোক বা বিনোদন, আমাদের দিনের বেশির ভাগ সময়ই স্ক্রিনের দিকে তাকিয়ে কাটছে। এমনকি স্নানঘরে যাওয়ার সময়ও কেউ ওয়েব সিরিজ দেখছেন, কেউ আবার গেমে মগ্ন হয়ে যাচ্ছেন। দীর্ঘসময় স্ক্রিনের দিকে চোখ রাখার ফলে চোখের ক্লান্তি ও বিভিন্ন সমস্যা দেখা দেয়। অনেকের চোখে জ্বালা বা ব্যথা হয়, আবার কারও চোখ শুষ্ক হয়ে যায়।


চক্ষু বিশেষজ্ঞরা বলছেন, চোখের এই চাপ কমানোর জন্য সহজ কয়েকটি ব্যায়াম কার্যকর। এসব ব্যায়াম চোখের পেশি ও স্নায়ু শিথিল করতে সাহায্য করে, চোখের উপর চাপ কমায় এবং দীর্ঘমেয়াদে চোখের স্বাস্থ্যও রক্ষা করে।


প্রথম ব্যায়ামটি করার জন্য দুই হাতের তালু ঘষে গরম করতে হবে। এরপর মেরুদণ্ড সোজা করে বসে, তালুর উষ্ণ অংশ আলতো করে বন্ধ চোখের ওপর রাখতে হবে। গুরুত্বপূর্ণ হলো, চোখের মণির ওপর সরাসরি চাপ না পড়া। হাত রেখে দুই মিনিট ধরে গভীর শ্বাস-প্রশ্বাস নেওয়া এবং ছাড়া উচিত। এই ব্যায়ামের মাধ্যমে চোখের পেশি শিথিল হয় এবং চোখের ক্লান্তি কিছুটা কমে।


দ্বিতীয় ব্যায়ামটি হলো কাছে এবং দূরে তাকানো। এটি সহজ হলেও অত্যন্ত কার্যকর। চোখের সামনে প্রায় ১০ ইঞ্চি দূরে বুড়ো আঙুল ধরে তাকাতে হবে। কয়েক সেকেন্ড পরে দৃষ্টি সরিয়ে ১০–২০ ফুট দূরে কোনো বস্তুতে ফোকাস করতে হবে। এই ক্রিয়াটি পর্যায়ক্রমে অন্তত ৫–৬ বার করা উচিত। নিয়মিত এটি করলে চোখের ফোকাস ক্ষমতা বৃদ্ধি পায় এবং চোখের ক্লান্তি কমে।


তৃতীয় ব্যায়ামটির জন্য একটি পেন্সিল বা কলম লাগবে। নাকের সামনে এক হাত দূরত্বে পেন্সিল ধরে তাকাতে হবে। এরপর মাথা স্থির রেখে পেন্সিলটি ধীরে ধীরে ডানে-বামে এবং উপরে-নিচে সরানো হবে, চোখও পেন্সিলকে লক্ষ্য করবে। পরে পেন্সিলটি ধীরে ধীরে নাকের কাছে নিয়ে আসা এবং আবার দূরে সরানো হবে। সব সময় চোখের দৃষ্টি পেন্সিলের শিসে স্থির রাখতে হবে। এটি চোখের পেশি ও ফোকাস শক্তিশালী করতে সাহায্য করে এবং স্ক্রিন টাইমের কারণে তৈরি হওয়া ক্লান্তি অনেকটাই কমায়।


এই তিনটি ব্যায়াম নিয়মিত করলে, দীর্ঘ সময় স্ক্রিন ব্যবহার করলেও চোখের ক্লান্তি কমে এবং চোখের স্বাস্থ্যের উপর ইতিবাচক প্রভাব পড়ে। স্ক্রিনের দিকে তাকানোর বিরতির সঙ্গে এই ব্যায়ামগুলো করলে চোখ অনেকটা বিশ্রাম পায় এবং স্বস্তি আসে।