


কক্সবাজার: ঈদুল ফিতর সামনে রেখে কক্সবাজার টেকনাফে শুরু হয়েছে ব্যতিক্রমধর্মী অর্গানিক মেহেদি উৎসব। এই আয়োজন করেছে তারিন’স হেন্না লাউঞ্জ এবং মেহেদী বাই হাবিব যৌথভাবে। প্রথমবারের মতো আয়োজিত এই উৎসব শুরু থেকেই এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেছে।
বৃহস্পতিবার টেকনাফের ঝর্ণা চত্বর, বৈশাখী রেস্টুরেন্টে উপস্থিত হয়ে দেখা যায়, বিভিন্ন বয়সী নারীরা মুখর পরিবেশে মেহেদি উৎসব উপভোগ করছেন। ঈদের আগাম আমেজ ছড়িয়ে দিতে এই উৎসব রাত ১২টা পর্যন্ত চলবে।
উৎসবে অংশ নেওয়া নারীরা হাতে অর্গানিক মেহেদি লাগিয়ে সাজগোজের নতুন মাত্রা যোগ করছেন। দক্ষ শিল্পীদের হাত ধরে ফুটে উঠছে নান্দনিক নকশা, লতাপাতা, ফুল, আলপনা এবং আধুনিক ডিজাইন। অংশগ্রহণকারী সুমাইয়া আক্তার বলেন, “গ্রামে আগে যে মেহেদি প্রথা ছিল তা এখন অনেকটাই হারিয়ে গেছে। এই অর্গানিক মেহেদি সেই ঐতিহ্যকে আধুনিক আকারে উপস্থাপন করছে।”
তিন দিনব্যাপী এই আয়োজনের মধ্যে রয়েছে মেহেদি ওয়ার্কশপ, হাতে মেহেদি লাগানোর সুযোগ এবং বিভিন্ন ধরনের অর্গানিক মেহেদি কেনার ব্যবস্থা। আয়োজকদের মতে, বিনোদনের পাশাপাশি স্থানীয় নারী উদ্যোক্তাদের কাজ তুলে ধরা এবং নতুনদের উৎসাহিত করাই মূল লক্ষ্য।
তারিন’স হেন্না লাউঞ্জের স্বত্বাধিকারী তারিন রেহনুমা প্রমি জানান, ব্রাইডাল, সেমি-ব্রাইডাল, নন-ব্রাইডাল ও ফ্লোরালসহ নানা ধরনের কাস্টম ডিজাইন করা হচ্ছে। অর্গানিক মেহেদিতে কোনো রাসায়নিক উপাদান নেই, যা ত্বকের জন্যও নিরাপদ।
নারী উদ্যোক্তা উম্মে হাবিব বলেন, তিনি উন্নতমানের আমদানিকৃত মেহেদি পাউডার, এসেনশিয়াল অয়েল, লেবু ও চিনি দিয়ে মেহেদি তৈরি করেন। এই উদ্যোগের মাধ্যমে অনেক তরুণী উদ্যোক্তা আত্মপ্রকাশ করছে এবং অর্ডারের মাধ্যমে মেহেদি বিক্রি চলছে, যা সাফল্যের বড় দিক হিসেবে বিবেচিত হচ্ছে।