


কুমিল্লার বুড়িচংয়ে সোনালী ব্যাংকের ভেতর 'শয়তানের নিঃশ্বাস' নামে পরিচিত অভিনব প্রতারণার ফাঁদে পড়ে ঋণের কিস্তির এক লক্ষ টাকা হারিয়েছেন এক নারী গ্রাহক। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে বুড়িচং সদরের ইসলাম কমপ্লেক্সে অবস্থিত সোনালী ব্যাংকের শাখায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী মোসাম্মৎ সামসুন নাহার (৪৫) বিকেলে বুড়িচং থানায় এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি পীরযাত্রাপুর ইউনিয়নের গোসাইপুর গ্রামের আব্দুল মালেকের স্ত্রী।
অভিযোগ সূত্রে জানা যায়, সামসুন নাহার ঋণের কিস্তি পরিশোধের জন্য সকাল ১১টার দিকে ব্যাংকের ক্যাশ কাউন্টারের সামনে লাইনে দাঁড়িয়ে ছিলেন। এসময় একটি প্রতারক চক্রের সদস্য তার পাশে এসে নাকে-মুখে কিছু স্প্রে করে অথবা কৌশলে তার মনোযোগ অন্যদিকে সরিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই তিনি কিছুটা বিভ্রান্ত হয়ে পড়েন এবং এই সুযোগে প্রতারকরা তার হাতে থাকা এক লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায়।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, "আমরা অভিযোগ পেয়েছি এবং তদন্ত শুরু করেছি। ব্যাংকের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে প্রতারক চক্রটিকে শনাক্ত করার চেষ্টা চলছে। আশা করছি, দ্রুতই তাদের আইনের আওতায় আনা সম্ভব হবে।"
এই ঘটনায় ব্যাংকপাড়ায় গ্রাহকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।