Date: April 19, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / রকমারি / শিশুর হাসিতে আলোকিত হোক বিশ্ব: আজ বিশ্ব শিশু দিবস - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

শিশুর হাসিতে আলোকিত হোক বিশ্ব: আজ বিশ্ব শিশু দিবস

October 06, 2025 07:06:38 PM   দেশেরপত্র ডেস্ক
শিশুর হাসিতে আলোকিত হোক বিশ্ব: আজ বিশ্ব শিশু দিবস

আজ বিশ্ব শিশু দিবস। শিশুদের সম্মান, অধিকার ও কল্যাণ রক্ষায় বিশ্বের বিভিন্ন দেশে নানা আয়োজনে উদযাপিত হচ্ছে দিবসটি। যদিও দেশভেদে দিবসটির তারিখ ভিন্ন, তবে উদ্দেশ্য একটাই—প্রত্যেক শিশুর নিরাপদ, সৃজনশীল ও সুখী ভবিষ্যৎ নিশ্চিত করা।

 

বাংলাদেশে প্রতি বছর অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্ব শিশু দিবস পালিত হয়। এ বছরও দেশজুড়ে সরকারি ও বেসরকারি পর্যায়ে শিশুদের অংশগ্রহণে আয়োজন করা হয়েছে র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচি।

 

এই উপলক্ষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাণী দিয়েছেন। তিনি শিশুদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে বলেন, শিশুদের সৎ, মমতাময় ও মুক্তচিন্তার পরিবেশে বড় হতে দিলে তারা আগামী দিনের যোগ্য নাগরিক হবে। বিজ্ঞান, শিল্প-সাহিত্য, প্রযুক্তি, ক্রীড়া ও নেতৃত্বে বাংলাদেশকে বিশ্বে নতুন উচ্চতায় পৌঁছে দেবে।

 

ড. ইউনূস আরও বলেন, তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে ‘বিশ্ব শিশু দিবস-২০২৫’ আমাদের নতুন প্রতিজ্ঞায় উজ্জীবিত করবে, যাতে প্রতিটি শিশু নিরাপদ ও সৃজনশীল পরিবেশে বেড়ে ওঠে। শিশুদের জন্য একটি আলোকিত আগামী গড়াই হবে নতুন বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন। প্রধান উপদেষ্টা বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২৫-এর সর্বাঙ্গীণ সাফল্যও কামনা করেন।

 

বিশ্ব শিশু দিবসের ইতিহাসও বেশ পুরোনো। ১৮৫৭ সালে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের চেলসিতে চার্চ অফ দ্য রিডিমারের যাজক রেভারেন্ড ড. চার্লস লিওনার্ড শিশুদের জন্য বিশেষ সেবা অনুষ্ঠানের আয়োজন করেন। প্রথমে দিনটির নাম ছিল ‘রোজ ডে’, পরে ‘ফ্লাওয়ার সানডে’, এবং শেষে ‘শিশু দিবস’ হিসেবে পরিচিত হয়।

 

পরবর্তীতে ১৯২০ সালে তুরস্ক ২৩ এপ্রিলকে শিশু দিবস হিসেবে ঘোষণা করে, যা ১৯২৯ সালে আনুষ্ঠানিক স্বীকৃতি পায়। এরপর ১৯২৫ সালে জেনেভায় অনুষ্ঠিত বিশ্ব শিশু কল্যাণ সম্মেলনে আন্তর্জাতিক শিশু দিবস ঘোষণা করা হয়। ১৯৫৯ সালের ২০ নভেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদ শিশু অধিকারের ঘোষণাপত্র গ্রহণের মাধ্যমে দিবসটি বৈশ্বিক স্বীকৃতি পায়।

 

বর্তমানে অনেক দেশেই দিনটি শিশু সপ্তাহ হিসেবেও পালিত হয়। শিশুদের অধিকার, সুরক্ষা ও উন্নত ভবিষ্যতের জন্য সচেতনতা বৃদ্ধি করাই বিশ্ব শিশু দিবস উদযাপনের মূল উদ্দেশ্য।

 

বাংলাদেশেও দিনটি নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে। সরকারি ও বেসরকারি পর্যায়ে শিশুদের অংশগ্রহণে আয়োজন করা হয়েছে র‌্যালি, আলোচনা সভা, প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সব আয়োজনের মূল লক্ষ্য—শিশুদের নিরাপত্তা, শিক্ষা ও আনন্দময় ভবিষ্যৎ নিশ্চিত করা।