


ঝিনাইদহের শৈলকুপায় থানায় যোগদানের প্রথম দিনেই মাদকবিরোধী অভিযানে চমক দেখালেন এএসআই মাসুদ রানা। তার নেতৃত্বে শুক্রবার গভীর রাতে উপজেলার আবাইপুর ইউনিয়নের কুমিড়াদহ গ্রাম থেকে প্রায় দুই কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
আটককৃত ব্যক্তির নাম রাজিব জোয়ার্দার। তিনি কুমিড়াদহ গ্রামের আব্দুল মান্নান জোয়ার্দারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শৈলকুপা থানায় সদ্য যোগদানকারী এএসআই মাসুদ রানা হাটফাজিলপুর ক্যাম্পের আইসি এসআই শামীম মালথের সহযোগিতায় কুমিড়াদহ গ্রামে অভিযান চালান। এ সময় মাদক কারবারি রাজিব জোয়ার্দারের শোবার ঘর তল্লাশি করে লুকিয়ে রাখা ১ কেজি ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এর আগে এএসআই মাসুদ রানা হাটফাজিলপুর ক্যাম্পে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। নতুন কর্মস্থলে যোগদানের প্রথম দিনেই মাদকের বড় চালান ধরে তিনি প্রশংসায় ভাসছেন।
এ বিষয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ূন কবির মোল্লা বলেন, আটক মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হবে। মাদকের সঙ্গে জড়িত ব্যক্তি যত ক্ষমতাধরই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।