


শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরে ‘রাষ্ট্রব্যবস্থা সংস্কারে হেযবুত তওহীদের প্রস্তাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় শরীয়তপুরের সুবচনী স্থানীয় এলাকাবাসীকে নিয়ে এই আলোচনা সভার আয়োজন করা হয়। শরীয়তপুর জেলা হেযবুত তওহীদের শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ইমাম উদ্দিন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের বরিশাল বিভাগীয় সভাপতি শফিকুল আলম উখবাহ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি চলমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, মানুষ বর্তমানে চরম অশান্তির মধ্য দিয়ে সময় পাড় করছে। কারো জীবন ও সম্পদের কোনো নিরাপত্তা নেই। ক্ষুধা, দারিদ্র্য, বেকারত্ব, খুন, ধর্ষণ, মব সন্ত্রাসের মতো ভয়াবহ অভিশাপে জাতি আজ জর্জরিত।
এই অশান্তির মূল কারণ হিসেবে চলমান রাজনৈতিক ব্যবস্থাকে দায়ী করে তিনি বলেন, গণতন্ত্রের নামে একটি ভুয়া রাজনৈতিক ব্যবস্থা আমাদের উপর চাপিয়ে দেয়া হয়েছে। স্বাধীনতার অর্ধশতাব্দী পেরিয়ে গেলেও এই ব্যবস্থা আমাদেরকে একদিনের জন্যও শান্তিতে থাকতে দেয় নি।
শফিকুল আলম বলেন, হেযবুত তওহীদ চলমান সিস্টেমের পরিবর্তে আল্লাহর দেয়া সিস্টেম প্রস্তাব করে যাচ্ছে। একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা হিসেবে ইসলাম মানুষের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত প্রতিটি সমস্যার সমাধান দিয়েছে। আল্লাহ প্রদত্ত এই ব্যবস্থা কায়েমের মধ্য দিয়েই রাসুলুল্লাহ (স) ও সাহাবীরা সমাজে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করেছিলেন। শুধু মুসলিম নয়, সকল ধর্ম-সম্প্রদায়ের অধিকার তারা নিশ্চিত করেছিলেন। বর্তমান সময়েও মানুষকে মুক্তি দিতে পারে একমাত্র আল্লাহর দেয়া জীবনব্যবস্থা।
শরীয়তপুর জেলা হেযবুত তওহীদের সভাপতি বায়েজিদ মালতের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন হেযবুত তওহীদ বরিশাল বিভাগীয় প্রসাশনিক যোগাযোগ বিষয়ক সম্পাদক আতাউর রহমান, শরীয়তপুর জেলা হেযবুত তওহীদের অর্থ সম্পাদক কামাল সর্দারসহ হেযবুত তওহীদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়া স্থানীয় বিপুল সংখ্যক মানুষ এসময় উপস্থিত ছিলেন।