Date: April 21, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / শরীয়তপুরে স্কুলের পাশে অবৈধ ইটভাটা উচ্ছেদ: ১ লাখ টাকা জরিমানা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

শরীয়তপুরে স্কুলের পাশে অবৈধ ইটভাটা উচ্ছেদ: ১ লাখ টাকা জরিমানা

April 21, 2026 08:50:25 PM   স্টাফ রিপোর্টার
শরীয়তপুরে স্কুলের পাশে অবৈধ ইটভাটা উচ্ছেদ: ১ লাখ টাকা জরিমানা

শরীয়তপুর সদর উপজেলায় একটি প্রাথমিক বিদ্যালয়ের পাশে অবৈধভাবে পরিচালিত ইটভাটায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ভাটাটির চিমনি ভেঙে দেওয়া হয়েছে এবং এর মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে সদর উপজেলার শৌলপাড়া এলাকায় ‘মেসার্স হাওলাদার ব্রিকস’ নামের ইটভাটায় এই অভিযান চালানো হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তুষার সাহা এই অভিযান পরিচালনা করেন। অভিযানে পরিবেশ অধিদপ্তরের জেলা সহকারী পরিচালক রাসেল নোমান সহযোগিতা করেন।

পরিবেশ অধিদপ্তর জানায়, ভাটাটির কোনো বৈধ অনুমোদন নেই। এর আগেও ২০২৩ সালের ফেব্রুয়ারিতে ভাটাটি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু সেই নির্দেশ অমান্য করে মালিকপক্ষ এতদিন অবৈধভাবে ভাটাটি চালিয়ে আসছিলেন। এরই প্রেক্ষিতে মঙ্গলবার সেখানে অভিযান চালিয়ে চিমনির একটি অংশ ভেঙে দেওয়া হয় এবং ভাটাটি অকার্যকর করা হয়।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রাসেল নোমান বলেন, আইন অনুযায়ী ভাটাটির অবস্থান সম্পূর্ণ অবৈধ। অনেক আগে বন্ধের নোটিশ দেওয়া হলেও তারা তা মানেনি। এছাড়া উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী অবৈধ ইটভাটা বন্ধে আমাদের এই পদক্ষেপ।

ম্যাজিস্ট্রেট তুষার সাহা জানান, আইন অনুযায়ী প্রাথমিক বিদ্যালয়ের এক কিলোমিটারের মধ্যে কোনো ইটভাটা থাকতে পারবে না। কিন্তু এই ভাটাটি স্কুল থেকে মাত্র ২৫০ মিটার দূরে অবস্থিত। তাদের বারবার ভাটা সরিয়ে নিতে বলা হলেও তারা কোনো উদ্যোগ নেয়নি। এ কারণে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইনের সংশ্লিষ্ট ধারায় ভাটা মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও জানান, জনস্বার্থ রক্ষায় জেলার অন্যান্য অবৈধ ইটভাটার বিরুদ্ধেও সামনের দিনগুলোতে এ ধরনের অভিযান চলবে।