


রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে শীর্ষ সন্ত্রাসীদের তালিকা নিয়মিত হালনাগাদ করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)-এর কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার। তিনি বলেন, বড় সন্ত্রাসীদের প্রভাব আগের মতো না থাকলেও তাদের সহযোগীরা এখনো সক্রিয় থাকার চেষ্টা করছে, তাই আগাম ব্যবস্থা জোরদার করা হয়েছে।
শনিবার (২ মে) দুপুরে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় নতুন পুলিশ ক্যাম্প উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান।
ডিএমপি কমিশনার বলেন, অতীতে পরিচিত শীর্ষ সন্ত্রাসীদের নাম ব্যবহার করে কিছু ব্যক্তি এখনো অপরাধ কর্মকাণ্ড চালানোর চেষ্টা করছে। এ কারণে তালিকা নিয়মিত হালনাগাদ করা হচ্ছে, যাতে কেউ সক্রিয় হওয়ার আগেই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যায়।
তিনি জানান, কারওয়ান বাজার এলাকায় চাঁদাবাজি, মাদক ও অন্যান্য অপরাধ দমনে পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে। নতুন স্থাপিত পুলিশ ক্যাম্পটি সার্বক্ষণিক নজরদারির মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তথ্য পাওয়া মাত্র দ্রুত ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজনে পুলিশ সদস্যসংখ্যাও বাড়ানো হবে।
মো. সরওয়ার আরও বলেন, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো কারওয়ান বাজার এলাকায় অপরাধীদের গ্রেফতার বৃদ্ধি এবং অপরাধের মাত্রা শূন্যের কোঠায় নামিয়ে আনা। পাশাপাশি রাজধানীজুড়ে চাঁদাবাজিসহ সব ধরনের অপরাধবিরোধী অভিযান আরও জোরদার করা হচ্ছে।
তিনি জানান, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে বিশেষ অভিযান ইতোমধ্যে শুরু হয়েছে এবং কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে। গোপন নজরদারি বাড়ানোর পাশাপাশি নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।
মামলা গ্রহণ না করার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, কোনো থানায় মামলা নিতে অস্বীকৃতি জানালে ভুক্তভোগীরা সংশ্লিষ্ট জোনাল এসি, ডিসি কিংবা ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। পুলিশের বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া গেলে তা গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।