Date: May 09, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / খেলাধুলা / শান্ত–মুমিনুলের জুটি ও মুশফিকের ফিফটিতে মিরপুর টেস্টে বাংলাদেশের দাপুটে শুরু - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের...

শান্ত–মুমিনুলের জুটি ও মুশফিকের ফিফটিতে মিরপুর টেস্টে বাংলাদেশের দাপুটে শুরু

May 09, 2026 10:58:32 AM   ক্রীড়া ডেস্ক
শান্ত–মুমিনুলের জুটি ও মুশফিকের ফিফটিতে মিরপুর টেস্টে বাংলাদেশের দাপুটে শুরু

মিরপুর টেস্টে পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে ধীরে কিন্তু স্থিরভাবে এগোচ্ছে বাংলাদেশ। প্রথম দিনের সংগ্রহ ৪ উইকেটে ৩০১ রান থেকে দ্বিতীয় দিন শুরু করে স্বাগতিকরা। অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিমের গুরুত্বপূর্ণ ফিফটি এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হকের বড় জুটির ওপর ভর করে শক্ত অবস্থানে পৌঁছেছে টাইগাররা। দ্বিতীয় দিনেও ব্যাটিং স্থিতিশীল রেখে দলকে এগিয়ে নিচ্ছেন মুশফিক ও লিটন দাস।

প্রথম দিনে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। ইনিংসের শুরুটা একেবারেই ভালো হয়নি বাংলাদেশের। মাত্র ১৯ বলে ৮ রান করে আউট হন ওপেনার মাহমুদুল হাসান জয়। তাকে আউট করে টেস্ট চ্যাম্পিয়নশিপে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন শাহিন শাহ আফ্রিদি। কিছুক্ষণ পরই আরেক ওপেনার সাদমান ইসলাম ৩০ বলে ১৩ রান করে ফিরে গেলে ৩১ রানে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।

এই চাপ কাটিয়ে ওঠার দায়িত্ব নেন শান্ত ও মুমিনুল হক। দুজন মিলে গড়ে তোলেন ১৭০ রানের গুরুত্বপূর্ণ জুটি, যা পুরো ইনিংসের মোড় ঘুরিয়ে দেয়। শান্ত নিজের দুর্দান্ত ফর্ম ধরে রেখে তুলে নেন ক্যারিয়ারের নবম টেস্ট সেঞ্চুরি, অধিনায়ক হিসেবে এটি তার পঞ্চম শতক। ১৩০ বলে ১০১ রান করে তিনি আউট হন, যেখানে ছিল ১২টি চার ও ২টি ছক্কা।

অন্যদিকে মুমিনুল হকও ছিলেন দারুণ ছন্দে। ধীরস্থির ব্যাটিংয়ে দলকে এগিয়ে নিলেও সেঞ্চুরির খুব কাছাকাছি গিয়েও থেমে যান তিনি। ২০০ বলে ৯১ রান করে নোমান আলীর বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যান, রিভিউ নিয়েও সিদ্ধান্ত পরিবর্তন হয়নি।

ইনিংসের শেষ ভাগে বাংলাদেশের হাল ধরেন অভিজ্ঞ মুশফিকুর রহিম ও লিটন দাস। দ্বিতীয় দিনেও তারা দায়িত্বশীল ব্যাটিং করে দলকে স্থিতিশীল অবস্থায় রাখেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৯১ ওভারে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৩২৬ রান। মুশফিক ১০৪ বলে ৫১ রান করে অপরাজিত আছেন এবং লিটন দাস ৩০ রানে ক্রিজে রয়েছেন।

প্রথম দুই দিনে শান্ত–মুমিনুলের বড় জুটি এবং মুশফিকের অভিজ্ঞতার ওপর ভর করে পাকিস্তানের বিপক্ষে শক্ত ভিত গড়ে তুলেছে বাংলাদেশ।