


সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের প্রাইভেটকারে হামলা চালিয়ে ৫০ লাখ টাকার বেশি ছিনতাই করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৮ মে) সকাল সাড়ে ১০টার দিকে সিলেটের দক্ষিণসুরমা এলাকার পারাইরচকে এ ঘটনা ঘটে। তবে ঘটনার সময় নাসিম হোসাইন গাড়িতে ছিলেন না।
পুলিশ জানিয়েছে, নাসিম হোসাইন মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশের বিভাগীয় পরিবেশকের দায়িত্বে রয়েছেন। শুক্রবার ব্যাংক বন্ধ থাকায় বিকাশের কর্মীরা তার প্রাইভেটকারে করে ৫০ লাখ ৫০ হাজার টাকার বেশি অর্থ নিয়ে ফেঞ্চুগঞ্জের উদ্দেশে রওনা দেন।
পথে দক্ষিণসুরমার পারাইরচক এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে আসা একদল দুর্বৃত্ত গাড়ির গতিরোধ করে। পরে তারা গাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিষয়টি জানিয়ে দক্ষিণ সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানায় অভিযোগ করা হয়েছে। তবে শুক্রবার রাত পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ মনজুরুল আলম বলেন, “ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের জন্য অভিযান চলছে।”