


নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী:
তীব্র শীতে দুস্থ ও অসহায় মানুষের কষ্ট লাঘবে মানবিক সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছে লংকাবাংলা ফাউন্ডেশন। সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) অংশ হিসেবে শনিবার বেলা ১১টায় নোয়াখালী জেলা শহরের মাইজদী বালিকা বিদ্যানিকেতন মিলনায়তনে শীতার্ত ৩০০ পরিবারের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।
লংকাবাংলার চৌমুহনী শাখার (নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনী জোন) আয়োজনে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন লংকাবাংলার চৌমুহনী শাখা ব্যবস্থাপক এ কে এম মোস্তাক আহমেদ।
মাইজদী বালিকা বিদ্যানিকেতনের জ্যেষ্ঠ শিক্ষক আফরোজ জাহানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অপারেশন) রামচন্দ্র ভট্টাচার্য, নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব জামাল হোসেন বিষাদ, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. ইসমাইল হোসেন, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মাহবুবুর রহমান এবং লংকাবাংলার সিএমএসই বিভাগের প্রধান কর্মকর্তা আবুল ফয়সাল মাহমুদ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী সাজ্জাদ হোসেন রিগান, সাইফুল ইসলাম সুজন, আবদুর রহিম, সাংবাদিক গাজী রুবেল ও সাংস্কৃতিক কর্মী আলাউদ্দীন সুজনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, শীত মৌসুমে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। লংকাবাংলা ফাউন্ডেশনের এই উদ্যোগ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে। বন্যা ও ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় এমন মানবিক কর্মকাণ্ড অন্য প্রতিষ্ঠানগুলোকেও অনুপ্রাণিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।