


ধর্মীয় সহাবস্থান ও ব্যক্তিগত বিশ্বাস নিয়ে নতুন করে আলোচনায় এসেছেন বলিউডের খ্যাতনামী সুরকার সেলিম মার্চেন্ট। তিনি জানিয়েছেন, একদিকে যেমন নিয়মিত জুমার নামাজ আদায় করেন, অন্যদিকে সোমবার শিবের পূজাও করেন। তার এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে নানা বিতর্ক ও আলোচনা।
‘সুকরআল্লা’, ‘মওলা মেরে’ ও ‘সাইয়াঁ’-এর মতো জনপ্রিয় গানের এই সুরকার জানান, ধর্মের প্রতি তার দৃষ্টিভঙ্গি একান্তই ব্যক্তিগত এবং সম্মানের। তার ভাষায়, তিনি যেমন শুক্রবার জুমার নামাজ আদায় করেন, তেমনি সোমবার শিবের পূজা করেন—এতে তিনি কোনো দ্বন্দ্ব দেখেন না।
সেলিম বলেন, ঈশ্বর ও সঙ্গীত—এই দুইয়ের সঙ্গে তার সম্পর্ক গভীর। তাই ধর্মীয় পরিচয়ের গণ্ডির বাইরে গিয়ে তিনি আধ্যাত্মিকতার এক বিস্তৃত অনুভূতিকে ধারণ করেন। অনেকেই তার এই চর্চা নিয়ে প্রশ্ন তুললেও তিনি মনে করেন, সব ধর্মের প্রতি শ্রদ্ধা রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
জন্মসূত্রে মুসলিম এই সুরকারের গানে যেমন আল্লাহর প্রশংসা উঠে আসে, তেমনি শিবরাত্রি উপলক্ষে নিয়মিত ভক্তিমূলক গানও প্রকাশ করেন তিনি। তার এই বহুমাত্রিক দৃষ্টিভঙ্গি তাকে অন্যদের থেকে আলাদা করে তুলেছে।
এর আগে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ইস্যুতেও খোলামেলা মতামত দিয়েছেন সেলিম মার্চেন্ট। কখনো নিজের ধর্মীয় পরিচয় নিয়েও সমালোচনার মুখে পড়েছেন, আবার কখনো অন্যদের মন্তব্যের বিরোধিতা করেছেন।
ধর্মীয় বিভাজনের ঊর্ধ্বে উঠে পারস্পরিক শ্রদ্ধা ও সহাবস্থানের বার্তা দিতেই এমন অবস্থান বলে জানিয়েছেন এই খ্যাতনামী সুরকার।