


রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতকে সমর্থন জানিয়ে বলেছেন, দেশটি কখনো বাইরের চাপ মেনে নেবে না এবং কারও সামনে অপমান সহ্য করবে না। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘ভারসাম্যপূর্ণ ও বুদ্ধিমান নেতা’ আখ্যা দিয়ে রাশিয়া ও ভারতের মধ্যে বিদ্যমান সম্পর্ককে ‘বিশেষ’ হিসেবে উল্লেখ করেছেন।
পুতিন আরও বলেন, ভারতের রাশিয়ান অপরিশোধিত তেল আমদানি সম্পূর্ণভাবে অর্থনৈতিক ভিত্তিক সিদ্ধান্ত। তিনি সতর্ক করে জানিয়েছেন, যদি ভারত এই তেল সরবরাহ প্রত্যাখ্যান করে, তবে দেশের প্রায় ৯-১০ বিলিয়ন ডলারের ক্ষতি হবে।
এই মন্তব্য এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতিসংঘ সাধারণ পরিষদে ভারত ও চীনকে ইউক্রেন যুদ্ধের অর্থদাতা আখ্যা দেওয়ার দুই সপ্তাহ পর। রাশিয়ার তেল কেনার কারণে যুক্তরাষ্ট্র আগস্টে ভারতের রপ্তানিপণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছিল, ফলে দেশটির ওপর মোট শুল্কের পরিমাণ দাঁড়িয়েছে ৫০ শতাংশে। পুতিন সতর্ক করেছেন, এই ধরনের উচ্চ শুল্ক বিশ্ববাজারে তেলের দাম বাড়াতে পারে এবং যুক্তরাষ্ট্রকে দীর্ঘ সময় ধরে উচ্চ সুদের হার বজায় রাখতে বাধ্য করতে পারে।
পুতিন সোভিয়েত যুগ থেকে রাশিয়া-ভারতের ঐতিহাসিক সম্পর্কের কথাও স্মরণ করিয়েছেন। তিনি বলেন, ভারত এই সম্পর্ককে মূল্য দেয় এবং তা ভুলে যায়নি। মোদীকে তিনি ব্যক্তিগত বন্ধু হিসেবে উল্লেখ করে বলেন, তাদের আলাপচারিতা সবসময় আস্থাভিত্তিক।
শেষে পুতিন বাণিজ্য ঘাটতি প্রসঙ্গে জানান, রাশিয়া ভারত থেকে কৃষিপণ্য ও ওষুধ আরও বেশি আমদানি করতে চায়। তবে এর জন্য অর্থায়ন, লজিস্টিকস এবং পেমেন্ট সংক্রান্ত বাধাগুলো দ্রুত দূর করা প্রয়োজন।