Date: April 19, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / রমজানে বাজার নিয়ন্ত্রণ ও খাদ্যে ভেজাল রোধে কুড়িগ্রামে প্রশাসনের কঠোর হুঁশিয়ারি - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যে...

রমজানে বাজার নিয়ন্ত্রণ ও খাদ্যে ভেজাল রোধে কুড়িগ্রামে প্রশাসনের কঠোর হুঁশিয়ারি

February 16, 2026 07:16:30 PM   অনলাইন ডেস্ক
রমজানে বাজার নিয়ন্ত্রণ ও খাদ্যে ভেজাল রোধে কুড়িগ্রামে প্রশাসনের কঠোর হুঁশিয়ারি

শাহ আলম, কুড়িগ্রাম:
আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে কুড়িগ্রামে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা, খাদ্যে ভেজাল রোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় রমজানে অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ও কৃত্রিম সংকট সৃষ্টির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কুদরত-এ-খুদার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান, আরডিসি শেখ মাহবুবে সোবহানী, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু এবং সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক হুমায়ুন কবির। এছাড়া জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হাবিবুর রহমান, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, সিনিয়র সাংবাদিক ইউনুছ আলী, কুড়িগ্রাম চেম্বার অব কমার্সের আহ্বায়ক আব্দুল আজিজ এবং ছাত্রনেতা আব্দুল আজিজ নাহিদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও ব্যবসায়ী প্রতিনিধিরা সভায় অংশ নেন।

সভায় বক্তারা বলেন, পবিত্র রমজান মাসে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে বাজার তদারকি জোরদার করা অপরিহার্য। বিশেষ করে কিছু অসাধু ব্যবসায়ী এই সময় কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত মুনাফা লোটার চেষ্টা করে, যা কোনোভাবেই বরদাশত করা হবে না। এছাড়া ফলমূল ও ইফতার সামগ্রীতে যাতে কোনো প্রকার ক্ষতিকারক রাসায়নিক বা ভেজাল মেশানো না হয়, সে বিষয়ে বিশেষ নজরদারির দাবি জানানো হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, রমজান মাসজুড়ে নিয়মিত বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং ভোক্তা অধিকার সংরক্ষণে ভ্রাম্যমাণ আদালত সক্রিয় থাকবে। কোনো পণ্যের অতিরিক্ত মূল্য আদায় বা কৃত্রিম সংকট সৃষ্টির প্রমাণ পাওয়া গেলে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

সভায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে রমজান পালনে প্রশাসন, ব্যবসায়ী এবং সাধারণ মানুষের মধ্যে সমন্বয় বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। প্রশাসন আশ্বস্ত করেছে যে, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য বিশেষ টিম কাজ করবে যাতে সাধারণ মানুষ স্বস্তিতে সিয়াম সাধনা করতে পারেন।