Date: April 19, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / রংপুরে জিএম কাদেরের বাসভবনে হামলা ও হত্যাচেষ্টার প্রতিবাদে গাইবান্ধায় জাপার বিক্ষোভ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে...

রংপুরে জিএম কাদেরের বাসভবনে হামলা ও হত্যাচেষ্টার প্রতিবাদে গাইবান্ধায় জাপার বিক্ষোভ

June 02, 2025 01:46:19 PM   উপজেলা প্রতিনিধি
রংপুরে জিএম কাদেরের বাসভবনে হামলা ও হত্যাচেষ্টার প্রতিবাদে গাইবান্ধায় জাপার বিক্ষোভ

রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাসায় সন্ত্রাসী হামলা, অগ্নিসংযোগ ও হত্যাচেষ্টার প্রতিবাদে গাইবান্ধা জেলা জাতীয় পার্টির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১ জুন) বিকেলে গাইবান্ধা শহরে এই কর্মসূচি পালিত হয়। সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব তাজুল ইসলামের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং পরে দলীয় কার্যালয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব আব্দুর রশিদ সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সভাপতি সরওয়ার শাহীন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা জাতীয় পার্টির সহসভাপতি শাহজাহান খান আবু, সহসভাপতি মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক মাহামুদুর রহমান মুকুল, সহসাধারণ সম্পাদক মুহাম্মদ আমজাদ হোসেন এবং জাতীয় ছাত্র সমাজ গাইবান্ধা জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মোঃ আনোয়ার হোসেন।

বক্তারা বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক উপনেতা জলবন্ধু জিএম কাদের একজন পরিচ্ছন্ন ও সাহসী রাজনীতিবিদ। তার রংপুরের বাসভবনে পরিকল্পিতভাবে যে সন্ত্রাসী হামলা চালানো হয়েছে, তা একটি গভীর ষড়যন্ত্রের অংশ। বক্তারা অভিযোগ করেন, উত্তরাঞ্চলের রাজশাহী ও রংপুর বিভাগে জাতীয় পার্টির জনপ্রিয়তা ও সাংগঠনিক শক্তিকে ভয় পেয়েই একটি মহল পার্টিকে দুর্বল করতে এই হামলার পরিকল্পনা করেছে।

নেতারা এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং এর সঙ্গে জড়িত অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার জন্য অন্তবর্তী সরকারের প্রশাসনের প্রতি জোর দাবি জানান। জেলা সভাপতি সরওয়ার শাহীন বলেন, ভবিষ্যতেও এমন পরিস্থিতি সৃষ্টি হতে পারে -এমন আশঙ্কা থেকে আমাদের সতর্ক থাকতে হবে এবং যেকোনো হামলা প্রতিহত করতে হবে। তিনি সকল নেতাকর্মীকে সংগঠনের প্রতি অটল থেকে প্রস্তুত থাকার আহ্বান জানান।