Date: April 25, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত

November 15, 2025 02:23:58 PM   জেলা প্রতিনিধি
যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত

ফেনীতে ১২ বছর বয়সী এক স্কুলছাত্রকে যৌন হয়রানির অভিযোগে দক্ষিণ নেয়াজপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঈন উদ্দিন চৌধুরীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। ভুক্তভোগী শিক্ষার্থীর মা বাদী হয়ে থানায় মামলা করার পর বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শহীদুল ইসলাম এ আদেশ জারি করেন।

ইউএনও স্বাক্ষরিত পত্রে উল্লেখ করা হয়, ফেনীর মহিপাল চাড়িপুর এলাকায় নিজ বাসার এক ভাড়াটিয়ার ছেলে, ষষ্ঠ শ্রেণির ওই শিক্ষার্থীকে কৌশলে যৌন হয়রানি করেন মঈন উদ্দিন চৌধুরী। এ ঘটনায় ফেনী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়।

ঘটনার পর দক্ষিণ নেয়াজপুর মকবুল আহমদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক এবং এলাকাবাসী প্রধান শিক্ষকের শাস্তির দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও অবরোধ কর্মসূচিতে অংশ নেন। একাধিক অভিভাবকও দাগনভূঞা উপজেলা নির্বাহী অফিসারের কাছে এই শিক্ষকের বিরুদ্ধে  লিখিত অভিযোগ জমা দেন।

পরিস্থিতির প্রেক্ষিতে ইউএনও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করেন। তদন্ত প্রতিবেদনে উঠে আসে। ঘটনার পর থেকে প্রধান শিক্ষক বিদ্যালয়ে অনুপস্থিত এবং মামলার পর আত্মগোপনে রয়েছেন।তদন্তের ভিত্তিতে ইউএনও তাকে সাময়িক বরখাস্ত করে সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করেন।

বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ আবু তাহের বলেন, এ ধরনের অনৈতিক আচরণের কারণে প্রধান শিক্ষক আর বিদ্যালয়ে থাকার কোনো নৈতিক অধিকার নেই।

সহকারী প্রধান শিক্ষক মো. ফারুক হোসেন জানান, ঘটনার পর অভিভাবকরা বিদ্যালয়ে এসে বারবার খোঁজ নিচ্ছেন। তিনি বিদ্যালয়ে এলেই বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে।

প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এর আগেও সময় সময়ে শিক্ষার্থীকে যৌন হয়রানি, আর্থিক অনিয়মসহ বিভিন্ন অভিযোগ উঠেছিল বলে জানান স্থানীয় শিক্ষক-অভিভাবকরা। প্রধান শিক্ষকের এসব কর্মকাণ্ডের কারণে বারবার বিদ্যালয় ও এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ণ হয়েছে।