Date: April 19, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / বিনোদন / মায়ের শাড়ি দিয়ে তৈরি পাঞ্জাবি পরে আবেগী বার্তা দিলেন আরিফিন শুভ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

মায়ের শাড়ি দিয়ে তৈরি পাঞ্জাবি পরে আবেগী বার্তা দিলেন আরিফিন শুভ

March 21, 2026 09:36:09 PM   বিনোদন ডেস্ক
মায়ের শাড়ি দিয়ে তৈরি পাঞ্জাবি পরে আবেগী বার্তা দিলেন আরিফিন শুভ

পবিত্র ঈদুল ফিতরের দিনে ভক্তদের শুভেচ্ছা জানিয়ে এক আবেগঘন বার্তা দিয়েছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ। মায়ের শাড়ি দিয়ে তৈরি পাঞ্জাবি পরে মায়ের কবর জিয়ারতের অভিজ্ঞতা শেয়ার করে তিনি জানান, এবারের ঈদ তার জন্য বিশেষ অনুভূতির।


শনিবার (২১ মার্চ) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে ৫৮ সেকেন্ডের একটি ভিডিও বার্তা প্রকাশ করেন আরিফিন শুভ। সেখানে তিনি ভক্তদের ঈদের শুভেচ্ছা জানিয়ে ঈদের আনন্দ, ভালোবাসা এবং পারিবারিক বন্ধনের কথা তুলে ধরেন।

ভিডিও বার্তায় শুভ বলেন, ঈদ মানেই আনন্দ, খুশি, প্রিয়জনদের সঙ্গে সময় কাটানো এবং বন্ধুদের সঙ্গে আড্ডা। তিনি আশা প্রকাশ করেন, এবারের ঈদেও সবাই প্রিয়জনদের সঙ্গে আনন্দঘন সময় কাটাচ্ছেন।

তবে নিজের ঈদের অভিজ্ঞতা তুলে ধরতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন এই অভিনেতা। তিনি জানান, এবারের ঈদ তার জন্য একটু ভিন্ন। মায়ের শাড়ি দিয়ে তৈরি একটি পাঞ্জাবি পরে তিনি মায়ের কবর জিয়ারত করেছেন। এ অভিজ্ঞতাকে তিনি নিজের জীবনের বিশেষ মুহূর্ত হিসেবে উল্লেখ করেন।

শুভ বলেন, তার ঈদ উদযাপন সবসময়ই সাদামাটা। কবর জিয়ারতের পর তিনি বন্ধুদের সঙ্গে সময় কাটানোর পরিকল্পনার কথাও জানান। একইসঙ্গে সবাইকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান তিনি।

এদিকে নিজের কাজ নিয়েও কথা বলেন আরিফিন শুভ। তিনি জানান, দীর্ঘ প্রায় দেড় থেকে দুই বছর ধরে কাজ করা তার ওয়েব সিরিজ ‘জ্যাজ সিটি’ সম্প্রতি মুক্তি পেয়েছে। জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম সনি লিভে ১৯ মার্চ মুক্তি পাওয়া এই সিরিজটি ইতোমধ্যেই দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে।

‘জ্যাজ সিটি’তে কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে নতুনভাবে নিজেকে তুলে ধরেছেন শুভ। সিরিজটি মুক্তির পর থেকে দর্শকমহলে ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে, যা তার ক্যারিয়ারের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে।

ব্যক্তিগত আবেগ ও পেশাগত সাফল্যের মিশেলে এবারের ঈদটি আরিফিন শুভর জীবনে হয়ে উঠেছে এক অনন্য অভিজ্ঞতা।