Date: April 19, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / মায়ের মৃত্যুর দুই দিনের মাথায় বাবারও মৃত্যু, আবার প্যারোলে জানাজায় দুই ভাই - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্...

মায়ের মৃত্যুর দুই দিনের মাথায় বাবারও মৃত্যু, আবার প্যারোলে জানাজায় দুই ভাই

February 24, 2026 09:28:48 PM   অনলাইন ডেস্ক
মায়ের মৃত্যুর দুই দিনের মাথায় বাবারও মৃত্যু, আবার প্যারোলে জানাজায় দুই ভাই

মাত্র তিন দিনের ব্যবধানে মা ও বাবাকে হারিয়ে গভীর শোকের মুখে পড়েছেন কারাবন্দি দুই ভাই ফরিদুল আলম (৪৩) ও মোহাম্মদ ইসমাইল (৩৮)। মায়ের মৃত্যুর দুই দিনের মাথায় বাবার মৃত্যুতে আবারও প্যারোলে মুক্তি নিয়ে জানাজায় অংশ নিতে হয়েছে তাদের। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) পুলিশি পাহারায় প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নেন দুই ভাই।

তাদের বাবা নুর আহমদের জানাজা অনুষ্ঠিত হয় কক্সবাজারের রামু উপজেলা-এর দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের পানেরছড়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে। জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। উল্লেখযোগ্য বিষয় হলো, একই মাঠে গত ২১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছিল তাদের মা মোস্তফা বেগমের জানাজা এবং তাকেও একই কবরস্থানে দাফন করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফরিদুল আলম ও মোহাম্মদ ইসমাইল দীর্ঘদিন ধরে বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। এ কারণে ৫ আগস্টের পর তাদের বিরুদ্ধে রামু থানা-য় একাধিক মামলা হয়। এসব মামলায় তারা প্রায় আড়াই মাস ধরে কারাগারে রয়েছেন।

এর আগে গত শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে তাদের মা মোস্তফা বেগম বার্ধক্যজনিত কারণে মারা যান। মায়ের জানাজা ও দাফনে অংশ নিতে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয় দুই ভাইকে। পুলিশি পাহারায় তারা বাড়িতে গিয়ে মায়ের মরদেহ দেখেন এবং খাটিয়া কাঁধে তুলে দাফনের জন্য নিয়ে যান। ওই সময় তাদের হাতে হাতকড়া পরানো ছিল, যা পুলিশের নিয়ন্ত্রণে রাখা হয়। মায়ের জানাজায় হাতকড়া পরা অবস্থার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও পুলিশের সমালোচনা শুরু হয়।

এর দুই দিন পর সোমবার (২৩ ফেব্রুয়ারি) মারা যান তাদের বাবা নুর আহমদ। বাবার জানাজায় অংশ নিতে মঙ্গলবার আবারও প্যারোলে মুক্তি পান দুই ভাই।

এ বিষয়ে মনিরুল ইসলাম ভুঁইয়া, রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), গণমাধ্যমকে জানান—মায়ের জানাজায় হাতকড়ার ছবি নিয়ে সমালোচনার পর পুলিশ সতর্ক অবস্থান নিয়েছে। বাবার জানাজায় হাতকড়া দৃশ্যমান হলে নতুন করে উত্তেজনা সৃষ্টি হতে পারে, আবার সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের বিষয়টিও বিবেচনায় রাখতে হয়েছে। এসব অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।