


বলিউডের বর্তমান সময়ে অন্যতম জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট। অভিনয়ের প্রতি তার নিষ্ঠা এবং দায়বদ্ধতা তাকে বিনোদন জগতে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে। তবে মা হওয়ার পর তার জীবন ও চিন্তাভাবনা পুরোপুরি বদলে গেছে। এত সাফল্যের মাঝেও কন্যা রাহাকে নিয়ে আলিয়া ভাটের দুশ্চিন্তা পিছু ছাড়ছে না।
ভারতীয় গণমাধ্যমের সূত্রে জানা গেছে, সম্প্রতি ভারতের সদগুরুর সোশ্যাল হ্যান্ডেলে একটি ভিডিও প্রকাশ পায়। প্রকাশিত ভিডিওটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা যায়, আলিয়া সদগুরুর সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে তার অভিভাবকত্ব ও সন্তান পালন নিয়ে প্রশ্ন তুলেছেন।
সাক্ষাৎকারের এক পর্যায়ে আলিয়া জানতে চান, কীভাবে ভালো অভিভাবক হওয়া সম্ভব। তিনি বলেন, রাহাকে নিয়ে সব সময়ই দুশ্চিন্তায় ভোগেন।
এ বিষয়ে সদগুরু আলিয়াকে পরামর্শ দিয়ে বলেন, “যে অভিভাবকরা সবসময় সন্তানদের নিয়ে দুশ্চিন্তায় ভোগেন, তারা কখনও ভালো মা-বাবা হতে পারবেন না। দুশ্চিন্তা করলে কখনও সন্তানকে বড় করা সম্ভব নয়। বরং নিজের ছন্দে সন্তানকে বড় হতে দেওয়া উচিত। মা-বাবার উচিত, সন্তানের জন্য একটি দৃঢ় স্তম্ভ হয়ে থাকা।”
প্রসঙ্গত, আলিয়া বর্তমানে শিব রাওয়াইল পরিচালিত সিনেমা আলফা-তে ব্যস্ত সময় পার করছেন, যেখানে তার বিপরীতে অভিনয় করেছেন ববি দেওল, শর্বরীসহ আরও অনেকে। আইএমডিবি সূত্রে জানা গেছে, সিনেমাটি চলতি বছরের ১০ জুলাই মুক্তি পাবে।
এছাড়া, আলিয়া ভাটকে দেখা যাবে সঞ্জয় লীলা বানসালীর লাভ এন্ড ওয়্যার-এও, যেখানে তার পাশাপাশি অভিনয় করেছেন রণবীর কাপুর, ভিকি কৌশল, বোমান ইরানি এবং আরও অনেকে।