


মাসুদ চৌধুরী সাঈদ, মানিকগঞ্জ:
মানিকগঞ্জে শিবালয় উপজেলার শিবরামপুর গ্রামে পাট ক্ষেতের পাশ থেকে ১৯টি ককটেল, ১টি চাপাতি ও ১টি খেলনা উদ্ধার করেছে শিবালয় থানা পুলিশ। স্থানীয় কৃষক চকে পাট কাটতে গেলে পাটক্ষেতে পাশে ১টি পরিত্যক্ত কালো ব্যাগ দেখতে পেয়ে ব্যাগের ভেতর কস্টেপ পেচানো লাল বল দেখতে পায়। বলগুলো দেখতে অসাভাবিক মনে হলে স্থানীয়দের সহায়তায় পুলিশে খবর দেন।
পুলিশ এসে ককটেলগুলো উদ্ধার করে এবং বোম ডিসপোজাল ইউনিটের মাধ্যমে তা নিষ্ক্রিয় করে । এসময় জেলা পুলিশ সুপার মোঃ গোলাম আজাদ খান, শিবালয় সার্কেল নুরজাহান লাবনী ও শিবালয় থানা অফিসার ইনচার্জ মোঃ শাহিন ইসলাম উপস্থিত থেকে পরিদর্শন করেন। স্থানীয় এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার শিবরামপুর গ্রামে পাট ক্ষেতের পাশে ৮টি ও খালেক চেয়ারম্যানের বাড়ির পাশে তালগাছের নিচে ১১টি মোট ১৯টি ককটেল, ১টি চাপাতি ও ১টি খেলনা উদ্ধার করা হয়।
এবিষয়ে শিবালয় থানা অফিসার ইনচার্জ মোঃ শাহিন ইসলাম বলেন, এলাকাবাসী সুত্রে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এগুলো উদ্ধার করি। পরবর্তীতে ঢাকা বোমা নিষ্ক্রিয় দলকে অবহিত করলে তারা এসে ককটেলগুলো নিষ্ক্রিয় করেন। কে বা কারা এগুলো রেখেছে জানিনা। সঠিক তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করার প্রস্তুতি চলছে এবং এ বিষয়ে আমাদের তদন্ত চলমান।