Date: April 19, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / বিনোদন / মিডিয়া ছেড়ে কোরআন খতম করলেন মডেল সিমরিন লুবাবা, প্রকাশ্যে আর মুখ দেখাবেন না - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প...

মিডিয়া ছেড়ে কোরআন খতম করলেন মডেল সিমরিন লুবাবা, প্রকাশ্যে আর মুখ দেখাবেন না

December 27, 2025 06:41:29 PM   বিনোদন ডেস্ক
মিডিয়া ছেড়ে কোরআন খতম করলেন মডেল সিমরিন লুবাবা, প্রকাশ্যে আর মুখ দেখাবেন না

মিডিয়া ছেড়ে সম্পূর্ণ ভিন্ন জীবনধারায় পা রেখেছেন শিশু মডেল ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত মুখ সিমরিন লুবাবা। প্রয়াত মঞ্চ ও টেলিভিশন অভিনেতা আব্দুল কাদেরের নাতনি লুবাবা এক সময় নিয়মিতভাবেই সোশ্যাল মিডিয়ার নিউজফিডে ভেসে উঠতেন। বিভিন্ন ভিডিওতে তার বক্তব্য ও আচরণ বয়সের তুলনায় পরিপক্ব হওয়ায় নেটিজেনদের কাছে তিনি পরিচিত ছিলেন ‘পাকনা লুবাবা’ নামে।
তবে দীর্ঘদিন ধরেই শোবিজ অঙ্গনে অনুপস্থিত লুবাবা। সম্প্রতি জানা গেছে, তিনি স্বেচ্ছায় মিডিয়া থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন। শুধু তাই নয়, ভবিষ্যতে প্রকাশ্যে আর মুখ দেখাবেন না বলেও সিদ্ধান্ত নিয়েছেন এই শিশুশিল্পী। ইতোমধ্যে নেকাব পরা শুরু করেছেন তিনি। যদিও সামাজিক যোগাযোগমাধ্যমে সীমিত পরিসরে কিছু প্রচারণামূলক কাজ করার সম্ভাবনা থাকলেও সেসব কাজ নেকাব পরেই করবেন বলে জানিয়েছেন তার পরিবার।
এ বিষয়ে লুবাবার মা জাহিদা ইসলাম জেমি শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে গণমাধ্যমকে বলেন, লুবাবার নিজের উপলব্ধি থেকেই এই পরিবর্তনের সিদ্ধান্ত এসেছে। তার ভাষ্য অনুযায়ী, লুবাবা আর মিডিয়ায় কাজ করতে চায় না এবং মুখ প্রদর্শন থেকেও বিরত থাকতে চায়। নেকাব পরার পর স্বাভাবিকভাবেই মিডিয়ায় কাজ করা তার পক্ষে সম্ভব নয়।
জেমি আরও জানান, ধর্মীয় চর্চার মাধ্যমেই লুবাবার জীবনে এই পরিবর্তন এসেছে। ধর্মীয় বই, হাদিস ও অন্যান্য ইসলামি গ্রন্থ পাঠ করতে করতেই সে নিজের জীবনধারায় পরিবর্তন আনার সিদ্ধান্ত নেয়। ইতোমধ্যে লুবাবা কোরআন খতম সম্পন্ন করেছে বলেও জানান তিনি।
পরিবারের পক্ষ থেকে আরও জানানো হয়, লুবাবার ধর্মীয় অনুশীলন এখানেই থেমে থাকছে না। আগামী রমজানে ওমরাহ হজ পালনের উদ্দেশ্যে মক্কায় যাওয়ার পরিকল্পনাও রয়েছে তাদের। সব মিলিয়ে শোবিজের আলোচনার কেন্দ্র থেকে সরে গিয়ে একেবারেই ভিন্ন পথে হাঁটতে শুরু করেছেন সিমরিন লুবাবা—যা ইতোমধ্যে সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।