


সৌদি আরবের পবিত্র মক্কায় সড়ক দুর্ঘটনায় এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ মার্চ) রাতে তারাবির নামাজ শেষে বাসায় ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান মফিজুর রহমান। এই খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে তার নিজ গ্রামে শোকের ছায়া নেমে আসে।
নিহত মফিজুর রহমান (৬৫) চট্টগ্রাম জেলার পটিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মাঝের ঘাটা এলাকার বাসিন্দা ছিলেন। তিনি দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে জীবিকার তাগিদে মক্কায় কর্মরত ছিলেন।
পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে মফিজুর রহমান তারাবির নামাজ আদায় করে পায়ে হেঁটে বাসায় ফিরছিলেন। পথে একটি দ্রুতগামী গাড়ি তাকে সজোরে ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নিকটস্থ একটি হাসপাতালে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে তার মৃত্যু হয়।
প্রবাসে মৃত্যুর খবর পটিয়ায় পৌঁছালে এলাকার মানুষ ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও চার মেয়েসহ অসংখ্য নাতি-নাতনি ও গুণগ্রাহী রেখে গেছেন। পরিবারে তিনি একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তার আকস্মিক মৃত্যুর ফলে স্বজনরা এখন দিশেহারা।
নিহতের শোকসন্তপ্ত পরিবার মরদেহ দ্রুত দেশে ফেরানোর জন্য সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের জরুরি হস্তক্ষেপ ও সহযোগিতা কামনা করেছেন। প্রবাসী বাংলাদেশির নিরাপত্তা ও সহায়তা নিশ্চিত করতে স্থানীয় ও দূতাবাস পর্যায়ে পদক্ষেপ নেওয়ার আবেদনও জানানো হয়েছে।