


ভেড়ামারা (কুষ্টিয়া) সংবাদদাতা:
কুষ্টিয়ার ভেড়ামারায় মোটরসাইকেল ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুই কলেজছাত্র নিহত হয়েছেন। শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বাহিরচর ইউনিয়নের হাসপাতাল রোডের বাঁধপাড়া এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সিয়াম (২০) ও রশিদ (২০)। এর মধ্যে সিয়াম মিরপুর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের হাবিবুর রহমানের ছেলে এবং কুষ্টিয়া সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র। অন্যদিকে রশিদ পৌরসভার কুড়িপোল এলাকার কুদ্দুস হোসেনের ছেলে এবং মিরপুরের চিথলিয়া সাগরখালী কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে সিয়াম ও রশিদ মোটরসাইকেলযোগে উপজেলার বাহিরচর ইউনিয়নের হাসপাতাল রোড হয়ে কুষ্টিয়া-পাবনা মহাসড়কের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বাঁধপাড়া এলাকায় রাস্তার একটি বাঁকে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ভেড়ামারাগামী একটি দ্রুতগতির পিকআপের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষের জেরে ঘটনাস্থলেই সিয়াম প্রাণ হারান। এ সময় স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় রশিদকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তারও মৃত্যু হয়। ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. একরামুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালে আনার পর চিকিৎসাধীন অবস্থায় রশিদের মৃত্যু হয় এবং সিয়াম দুর্ঘটনাস্থলেই মারা গেছেন।
এ বিষয়ে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, মোটরসাইকেল ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুই কলেজছাত্রের মৃত্যু হয়েছে। পুলিশ ঘাতক পিকআপটি জব্দ করেছে, তবে চালক পালিয়ে যেতে সক্ষম হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।