


ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আইসিসির অনুরোধ পুনর্বিবেচনা করেও আবার প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলতে আইসিসির অনুরোধ ফের প্রত্যাখ্যান করেছে বিসিবি। মঙ্গলবার (১৩ জানুয়ারি) আইসিসির সঙ্গে ভিডিও কনফারেন্সে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলংকায় আয়োজনের আবেদনটি গুরুত্বসহকারে বিবেচনার আহ্বান জানান। নিরাপত্তা শঙ্কার কথা তুলে ধরে তিনি বলেন, বিদ্যমান পরিস্থিতিতে ভারতের ভেন্যুতে খেলতে গিয়ে খেলোয়াড় ও সমর্থকদের ঝুঁকিতে ফেলতে চায় না বোর্ড।
ভারতে উগ্রবাদী হিন্দু গোষ্ঠীর হুমকির মুখে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনার পর থেকেই বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ে। এই প্রেক্ষাপটে সরকার ও বিসিবি যৌথভাবে সিদ্ধান্ত নেয়, টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো ভারতের মাটিতে না খেলার বিষয়ে আইসিসির কাছে আনুষ্ঠানিক আবেদন জানানো হবে। উল্লেখ্য, আগামী ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলংকায় যৌথভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা এবং গ্রুপ পর্বের সূচি অনুযায়ী বাংলাদেশের ম্যাচগুলো ভারতের ভেন্যুতে নির্ধারিত রয়েছে।
তবে বিসিবির এ আবেদন মঞ্জুর করেনি আইসিসি। উল্টো সংস্থাটি জানায়, টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে এবং বিসিবিকে তাদের অবস্থান পুনর্বিবেচনা করতে হবে। জবাবে বিসিবি স্পষ্ট করে জানায়, আইসিসির নিরাপত্তা কমিটির চূড়ান্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত এই বিষয়ে অবস্থান পরিবর্তনের কোনো সুযোগ নেই। যদিও ভিডিও কনফারেন্সে উভয় পক্ষই সম্ভাব্য সমাধান খোঁজার লক্ষ্যে আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়।
টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ ‘সি’-তে বাংলাদেশের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নেপাল ও ইতালি। টুর্নামেন্ট শুরুর আর মাত্র ২৫ দিন বাকি থাকায় এই গ্রুপের বাকি চার দলকে রাজি করিয়ে ভেন্যু পরিবর্তন করা প্রায় অসম্ভব বলেই মনে করা হচ্ছে। এমন পরিস্থিতিতে আলোচনায় উঠে এসেছে বিকল্প একটি সমাধান—গ্রুপ পরিবর্তনের মাধ্যমে বাংলাদেশকে অন্য গ্রুপে অন্তর্ভুক্ত করা।
সম্ভাব্য এই বিকল্প অনুযায়ী, বাংলাদেশকে গ্রুপ ‘সি’ থেকে গ্রুপ ‘বি’-তে স্থানান্তর করা হতে পারে। গ্রুপ ‘বি’-তে রয়েছে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও ওমান। যেহেতু শ্রীলঙ্কা স্বাগতিক দেশ, এই গ্রুপের সব ম্যাচই অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়। আইসিসি যদি একটি দলের সঙ্গে সমন্বয় করে গ্রুপ পরিবর্তনের সিদ্ধান্ত নেয়, তবে জটিল এই সমস্যার একটি বাস্তবসম্মত সমাধান বেরিয়ে আসতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।