Date: May 01, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / বালাসী-বাহাদুরাবাদ রুটে দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে গাইবান্ধায় মানববন্ধন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকা...

বালাসী-বাহাদুরাবাদ রুটে দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে গাইবান্ধায় মানববন্ধন

May 01, 2026 08:47:25 PM   অনলাইন ডেস্ক
বালাসী-বাহাদুরাবাদ রুটে দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে গাইবান্ধায় মানববন্ধন

গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে বড় ধরণের এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার (১ মে) বিকেলে উপজেলার বালাসীঘাট নৌ-টার্মিনালের সামনে এই কর্মসূচি পালিত হয়। এলাকার সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দাবিটি জোরালোভাবে তুলে ধরা হয়।

বিশ্বাস ফাউন্ডেশনের চেয়ারম্যান ওয়াহেদুজ্জামান বিশ্বাস তোহা এই মানববন্ধনে সভাপতিত্ব করেন। উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আবু সাঈদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি হলো বালাসী ও বাহাদুরাবাদ রুটে একটি সেতু নির্মাণ করা। এই সেতুটি হলে ঢাকার সঙ্গে গাইবান্ধাসহ উত্তরবঙ্গের কয়েকটি জেলার দূরত্ব প্রায় ১৪০ থেকে ১৫০ কিলোমিটার কমে আসবে। এতে শুধু যাতায়াত সহজ হবে না, বরং পণ্য পরিবহনের সময় ও খরচ অনেক কমে যাবে। তারা আরও বলেন, এই প্রকল্পটি বাস্তবায়ন হলে উত্তরাঞ্চলে ব্যবসা-বাণিজ্যের এক নতুন দ্বার উন্মোচিত হবে।

মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন ফুলছড়ি উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল বাছেদ, বুড়াইল কলেজের অধ্যক্ষ ইব্রাহিম আকন্দ সেলিম এবং গাইবান্ধা জেলা চেম্বার অব কমার্সের সহ সভাপতি তোহিদুর রহমান মিলন। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র জাহিদ হাসান জীবন এবং কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা শালুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এতে অংশ নেন।

উপস্থিত বক্তারা সরকারের উচ্চপর্যায়ের দৃষ্টি আকর্ষণ করে বলেন, উত্তরাঞ্চলের উন্নয়নের চাবিকাঠি হলো এই দ্বিতীয় যমুনা সেতু। তাই জনস্বার্থ বিবেচনা করে দ্রুত এই সেতু নির্মাণের কাজ শুরু করা প্রয়োজন। সেতুর অভাবে এই অঞ্চলের মানুষ অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ছে বলে তারা মন্তব্য করেন।