Date: May 01, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / কাউনিয়ায় বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস উদযাপিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কাউনিয়ায় বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস উদযাপিত

May 01, 2026 07:56:09 PM   অনলাইন ডেস্ক
কাউনিয়ায় বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস উদযাপিত

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের কাউনিয়ায় বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত হয়েছে। শুক্রবার সকাল থেকেই উপজেলার বিভিন্ন এলাকায় র‍্যালি, আলোচনা সভা ও শ্রমিক সমাবেশের আয়োজন করা হয়। এসব কর্মসূচিতে অংশ নিয়ে শ্রমিকরা তাদের নায্য পাওনা ও অধিকার আদায়ের দাবি জানান।

দিবসটি উপলক্ষে আয়োজিত র‍্যালিতে অংশ নেন কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাপিয়া সুলতানা। এ সময় রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম শফি, যুগ্ম সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক জামিনুর রহমান, বালাপাড়া ইউনিয়ন বিএনপি সভাপতি শাহজাহান মিয়া ও সাধারণ সম্পাদক শাহজাহান মন্ডল এবং যুবদলের আহ্বায়ক আজিজ বাবু।

শ্রমিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন কাউনিয়া বাস স্ট্যান্ড মটর শ্রমিক শাখার সভাপতি আলম বেপারী, সাধারণ সম্পাদক শাহিন মিয়া ও কোষাধ্যক্ষ শহিদুল ইসলাম। এছাড়া জাতীয়তাবাদী শ্রমিক দল কাউনিয়া উপজেলা শাখার আহ্বায়ক মো. এনতাজ আলী, সদস্য সচিব আব্দুল হালিম এবং সাবেক শ্রমিক দল নেতা আব্দুল কাদেরসহ অন্য নেতারাও কর্মসূচিতে যোগ দেন।

আলোচনা সভায় শ্রমিক নেতারা বলেন, দেশের অর্থনীতির চাকা সচল রাখে শ্রমিকরা। কিন্তু অনেক ক্ষেত্রে তারা নায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ থেকে বঞ্চিত হন। মে দিবসের চেতনাকে ধারণ করে শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকারকে আরও কার্যকর ভূমিকা নিতে হবে। তারা আরও বলেন, ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই কেবল শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব।

দিবসটি উপলক্ষে কাউনিয়া বাসস্ট্যান্ড মটর শ্রমিক শাখা, শ্রমিক ঐক্য পরিষদ এবং রেলবাজার এলাকার রিকশা, অটো ও মিশুক শ্রমিক সমিতি পৃথক পৃথক কর্মসূচি পালন করেছে। প্রতিটি সংগঠনের পক্ষ থেকেই দিনটি পালনে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে। শ্রমিকদের এই সংহতি সমাবেশে স্থানীয় বিভিন্ন পেশার মানুষও সংহতি প্রকাশ করেন।